আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন তাঁরা। আজ সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট ১১ দফা দাবিতে সিপিআইএমের জেল ভরো আন্দোলন কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
মানিক সরকারের অভিযোগ, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ তীব্র অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছেন।
দেশের ও রাজ্যের সাধারণ মানুষ একাধিক জ্বলন্ত সমস্যার সম্মুখীন হলেও সেই সমস্যাগুলির সমাধানে সরকারের কার্যকর কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত সমস্যাগুলি সমাধানের পরিবর্তে বিজেপি সরকার সম্প্রদায়ের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের জ্বলন্ত সমস্যাগুলির দিকে নজর না দিয়ে ভেদাভেদের রাজনীতির পথেই আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। সাধারণ মানুষের স্বার্থে সিপিআইএম যে ১১ দফা দাবি সামনে রেখে আন্দোলনে নেমেছে, সেই দাবিগুলির প্রতি সরকারের ইতিবাচক ভূমিকা নেই।
এদিন সিপিআইএমের জেল ভরো আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও সরব হন মানিক সরকার। তাঁর অভিযোগ, আন্দোলনকে বানচাল করার জন্য বিজেপি সরকার পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে বাধা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বলা যেত যে আইন অমান্য কর্মসূচিতে যাওয়ার প্রয়োজন নেই এবং সরকারের তরফে দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু তার পরিবর্তে পুলিশকে ব্যবহার করে আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তাঁর দাবি, সরকারের এই ভূমিকা থেকেই স্পষ্ট যে সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যাগুলির সমাধানে সরকারের কোনও আগ্রহ নেই। জনগণের ন্যায্য দাবিকে সামনে রেখে সিপিআইএমের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



















