নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ খেতাব অর্জন করেছেন ধর্মনগরের কলেজ রোড এলাকার তরুণী বর্ষা দাস। দিল্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল।
ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন লালন করে আসা বর্ষা ২০২০ সালে মডেলিং জগতে নিজের পথচলা শুরু করেন। পরিবারের অজান্তেই স্থানীয় বিভিন্ন ফ্যাশন শো-তে অংশ নিয়ে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের ফলস্বরূপ জাতীয় মঞ্চে এই সাফল্য অর্জন করেছেন তিনি।
বর্তমানে বর্ষা ধর্মনগরের দেবশা এন্টারটেইনমেন্ট-এ প্রশিক্ষক হিসেবে মডেলিং ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর বক্তব্য, প্রতিষ্ঠানের কর্ণধারের সহযোগিতা ও উৎসাহ তাঁর সাফল্যের অন্যতম প্রেরণা।
ভবিষ্যতে ২০২৭ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য। নতুন প্রজন্মের উদ্দেশে বর্ষা বলেন, “স্বপ্নের সঙ্গে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য একদিন অবশ্যই ধরা দেয়। বর্ষা দাসের এই কৃতিত্বে ধর্মনগরসহ সমগ্র উত্তর ত্রিপুরাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
























