নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির এক যুবনেতার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জোরপূর্বক টাকা দাবি করা, প্রাণনাশের হুমকি দেওয়া এবং গুলি করে হত্যার ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।
অভিযোগকারী গাড়িচালক বিট্টু কর্মকার জানান, তিনি তুলসীবতী মারুতি স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে একটি মারুতি গাড়ি নিয়ে যাত্রী পরিবহণের কাজ করছেন। তাঁর দাবি, বিজেপির যুবনেতা তনুজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে জোর করে টাকা দাবি করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে অভিযুক্ত তনুজ দাশগুপ্ত স্ট্যান্ডে এসে আবারও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে প্রাণে মেরে ফেলার এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বিট্টু কর্মকার।
ঘটনার পর আতঙ্কিত হয়ে বিট্টু কর্মকার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে মারুতি স্ট্যান্ডের অন্যান্য গাড়িচালক ও প্রতিনিধিরাও থানায় উপস্থিত ছিলেন এবং ঘটনার তদন্তের দাবি জানান। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনার বিষয়ে অভিযুক্ত বিজেপি যুবনেতা তনুজ দাশগুপ্তের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে তুলসীবতী মারুতি স্ট্যান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


















