নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ জুলাই: বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাইফুল ইসলাম। তাঁর বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর টুকার চৌমুহনী এলাকায়। মঙ্গলবার ক্ষতিগ্রস্তরা অভিযুক্তকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন।
অভিযোগ, গত প্রায় দুই বছর ধরে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে সোনামুড়া ও মেলাঘর থানা এলাকার অন্তত ৫৪ জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন সাইফুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের দাবি, বিভিন্ন সময়ে তিনি মোট ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত আত্মসাৎ করেছেন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত ভুয়া পরিচয়পত্র ও নথি দেখিয়ে নিজেকে বিদেশে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিতেন। তাঁর আশ্বাসে বিশ্বাস করে অনেকেই বিদেশে চাকরির আশায় মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কাউকেই বিদেশে পাঠানো হয়নি, বরং টাকা ফেরত চাইলে অভিযুক্ত নানা অজুহাত দিতে থাকেন।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি সামনে আসতেই ক্ষতিগ্রস্তরা একত্রিত হয়ে অভিযুক্তকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যান এবং তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















