News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী
Image

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে তিনি প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বলে উল্লেখ করেন এবং বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কেন্দ্র ও সব রাজ্য সরকারকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এনডিএ সংসদীয় দলের বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, প্রশ্নফাঁসের খবর প্রকাশ্যে আসার পরই সরকার দ্রুত পদক্ষেপ করে এবং এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে নিট পুনঃপরীক্ষা আয়োজন করা হয় এবং দ্রুত ফলাফলও প্রকাশ করা হয়েছে।

রিজিজুর কথায়, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কেউ খেলতে পারবে না। ভবিষ্যতে প্রশ্নফাঁস রোধে কেন্দ্র ও সব রাজ্য সরকারকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। এটি দলীয় রাজনীতির বিষয় নয়, জাতীয় স্বার্থের বিষয়।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের আস্থা অর্জন করা অত্যন্ত জরুরি। তাঁদের মধ্যে গিয়ে আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে যোগাযোগ বাড়ানোরও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা সহজ হলেও সঠিক পথ দেখানো কঠিন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মোদি আরও বলেন, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দেশের শীর্ষ আইনজীবীদের সহায়তা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য একটি নির্ভুল ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী গত কয়েক মাসে দেশের বিভিন্ন সাফল্য, একাধিক দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান সম্পর্কেও সাংসদদের অবহিত করেন। তিনি আশ্বাস দেন, কোনও এফটিএ-তেই কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না।

এদিকে কিরেন রিজিজু জানান, চলতি বর্ষাকালীন অধিবেশনে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করাতে এনডিএ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি বিরোধী দলগুলির প্রতিও তিনি আহ্বান জানান, মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের স্বার্থে গঠনমূলক সহযোগিতা করার জন্য।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top