আগরতলা, ১৮ জুলাই: সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য, সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিনিধি ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদকারীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন সর্বভারতীয় ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং ছাত্র-যুব সমাজের স্বার্থে সোনম ওয়াংচুক যে আন্দোলন শুরু করেছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়।
বক্তারা অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থায় একের পর এক বিতর্ক ও অনিয়মের ঘটনা সামনে এলেও কেন্দ্রীয় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তাঁদের দাবি।
।।।।।



















