কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই
ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন মৎস্য সমবায় সমিতির সমস্যা ও দাবিদাওয়া নিয়ে এক সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে মোট ৭৭ জন প্রকৃত মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
কনভেনশনের সভাপতিত্ব করেন সত্যবান দাস। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বর্তমান দেশ, রাজ্য এবং সোনামুড়া মহকুমার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মৎস্যজীবীদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা।
আলোচনায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মনিন্দ্র দাস, সংগঠনের নেতা রাসবিহারী দাস এবং সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক নিত্যানন্দ বর্মন।
প্রধান বক্তা শ্যামল চক্রবর্তী তাঁর বক্তব্যে বর্তমান দেশ ও রাজ্যের বিভিন্ন নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। গ্রামীণ শিক্ষাব্যবস্থা, সরকারি পরিষেবা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি সংগঠনের কর্মীদের সাধারণ মানুষের কাছে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
দীর্ঘ আলোচনার শেষে কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, মৎস্যজীবীদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে।
























