আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন নিষিদ্ধ এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পাচারকারীরা অত্যন্ত কৌশলে সিল করা লোহার ড্রামের ভেতরে কফ সিরাপের বোতলগুলি লুকিয়ে রেখেছিল, যাতে পুলিশের নজর এড়ানো যায়। তবে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ।
অভিযানে মোট ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ভোররাত পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত ছিল। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কফ সিরাপের বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। এই যৌথ অভিযান পরিচালনা করে সরকারি রেল পুলিশ এবং অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবিষয়ে আইজিপি আইন শৃঙ্খলা মনচাক ইপ্পার বলেন, এই নেশা সামগ্রী পাচারের সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে। এর বিরুদ্ধে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই পাচার সামগ্রীগুলির কোথা থেকে পাচার করা হয়েছে এর সঙ্গে কারা জড়িত রয়েছেন রাজ্য এবং বহিরাজ্যের কারা রয়েছেন সেই সবগুলি বিষয় খতিয়ে দেখে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন আগে রেলপথকে সবচেয়ে নিরাপদ বলা হতো, তবে এখন এই রেলপথ কে ব্যবহার করেই এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে দাবি করেন তিনি।



















