সোনামুড়া, ২০ আগস্ট: মতিনগর সীমান্ত সড়কের পাশে মোবাইল ডিউটি চলাকালীন বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে দাবিহীন অবস্থায় মোট ৫২৫ বোতল এসকফ কফসিরাপ উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোবাইল ডিউটির সময় মতিনগর সীমান্ত সড়কের পাশে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বেশ কিছু সিরাপের বোতল নজরে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৫২৫টি কফসিরাপের বোতল দাবিহীন হিসেবে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া কাশির সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
তবে এই বিপুল পরিমাণ কফসিরাপ সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিক কে, কোথা থেকে এগুলি আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল—তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



















