কৈলাসহর, ২০ আগস্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। কৈলাসহর গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রামের বাসিন্দা বিধান চৌধুরীর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে ঘরের প্রায় সব জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা কোনও জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রয়োজনীয় নিত্যব্যবহার্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।
























