নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: শিক্ষক সংকট, মিড-ডে মিলের অস্বাস্থ্যকর রান্নাঘর এবং দীর্ঘদিনের অব্যবস্থার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কৈলাসহরের চিনিবাগান মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয়।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চালাতে বর্তমানে মাত্র দুজন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে এই শিক্ষক স্বল্পতার কারণে খুদে পড়ুয়াদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বারবার শুধু আশ্বাস মিলেছে, বাস্তবে সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ তাদের।
শুধু শিক্ষক সংকট নয়, বিদ্যালয়ের মিড-ডে মিলের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তাদের দাবি, রান্নাঘরটি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে এবং যেকোনো সময় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্কুল খোলার আগে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তা আইএস রাধন ত্রিপুরা। তিনি বিক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে শিক্ষক সংকট দূর করার পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য সমস্যারও প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করে বিদ্যালয়ের গেট খুলে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
—————-


















