আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গাঙ্গাইলের নবনির্মিত নদীপাড়ের পার্কে কয়েকজন প্রাতঃভ্রমণকারী রক্তের দাগ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। রক্তের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়, নদীতে কোনো দেহ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। গতকাল রাতেই প্রশাসন ওই যুবকের নিখোঁজের খবর পায় বলে জানা গেছে।
এরপর সদর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে এনডিআরএফ, এফডিআরএফ, সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে হাওড়া নদীতে তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর নদী থেকে রমজান আলী ওরফে টিটনের দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সেই কারণে তাঁকে হত্যা করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক টিম উপস্থিত হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।


















