বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বনদপ্তর। এই অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লাল।
বনদপ্তরের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বনকর্মীরা মিলটি চলাকালীন অবস্থায় হাতে নাতে আটক করেন। বনদপ্তরের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বনদস্যুরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অবৈধ কাঠ চেরাই মিল, জেনারেটর এবং বিপুল পরিমাণ চোরাই কাঠ বনদপ্তর জব্দ করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।
ফরেস্টার বিজয় ঘোষ জানান, চরিলাম রংমালা এলাকা থেকে উদ্ধার হওয়া মিল, জেনারেটর ও কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।বনদপ্তরের কর্মকর্তারা জানান, বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটা ও চোরাই কাঠ পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। বনসম্পদ রক্ষায় এই ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক বনদস্যুদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্তও শুরু হয়েছে এই অভিযানের মাধ্যমে বনাঞ্চলে সক্রিয় অবৈধ কাঠ চোরাচালান চক্রের বিরুদ্ধে একটি বড় আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে বনদপ্তর। স্থানীয়দের মতে, বনসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এমন অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন।



















