নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআই(এম)-এর উত্তর আগরতলা অঞ্চল কমিটি।
সোমবার দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সিপিআই(এম)-এর নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে জিবি বাজারে এসে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে জিবি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, রোগীদের পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। এ সংক্রান্ত মোট আট দফা দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানান।
সমাবেশ শেষে প্রতিনিধিদল জিবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। ডেপুটেশনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিষেবার গুণগত মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শুধু আগরতলাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দল ধারাবাহিকভাবে আন্দোলন, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



















