নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য রেলপথ ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দিল আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন জেএআরসি এবং জেএসি । সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সংগঠন দুটির নেতৃত্ব।
সংগঠনের নেতাদের দাবি, তাদের ৯ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গত ৮ জুন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছেও স্মারকলিপি জমা দিয়ে বিষয়টি নিয়ে মহাকরণে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা জানান, দাবি সংক্রান্ত বিষয় নিয়ে
জনজাতি কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে একাধিক স্তরে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সমাধান বা আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান আসেনি বলে তাদের অভিযোগ।
এই পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা জাতীয় সড়কের সাধুচন্দ্রপাড়া ও ভৃগুদাসপাড়া এলাকায় এবং সংশ্লিষ্ট রেলপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।সংগঠনের নেতারা আরও জানান, সম্প্রতি প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। বৈঠকে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।
এদিকে ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ হলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একাংশ রাজ্যবাসী বলছেন, দুদিন পর পর রেল ও সড়ক পথ অবরোধ করে এধরনের নাটক মঞ্চস্থ করা তাদের ট্রেন্ডে পরিণত হয়েছে। এধরনের হেনস্থায় ক্ষোভে ফুঁসছেন জনগণ।



















