আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার রোডে নিয়মিত টহলদারি চলাকালীন উদ্ধার করা হয় প্রায় ৩৩ কেজি শুকনো গাঁজা।
জানা গেছে, মোট ১২টি প্যাকেটে কালো রঙের সেলো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজাগুলি পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক অবস্থায় পড়ে থাকায় তা বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থলে কোনও দাবিদার না থাকায় আইনানুগ প্রক্রিয়া মেনে ‘আনক্লেইমড’ হিসেবে গাঁজাগুলি জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদকের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে অনুমান করা হয়েছে।
এ ঘটনায় সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজার প্রকৃত মালিক কে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


















