News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব : মুখ্যমন্ত্রী
Image

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ জুলাই: আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে আগরতলা প্রেসক্লাবে ক্রীড়া সাংবাদিকদের জন্য একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। কর্মশালায় রাজ্যের প্রায় ৫০ জন ক্রীড়া সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, যেকোনও পেশায় সর্বোচ্চ সফলতা পেতে গেলে দক্ষতা উন্নয়ন খুবই প্রয়োজনীয়। সেই দিকে লক্ষ্য রেখে এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মশালা সময়োপযোগী। প্রযুক্তিকে ব্যবহার করে আজকের দিনে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব। সদিচ্ছা থাকলে যেকোনও বাধা অতিক্রম করে সফল হওয়া সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে সঠিক দিশা নির্দেশও প্রয়োজন।

উল্লেখ্য, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। সহায়তায় রয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য কর্মশালায় অংশগ্রহণকারী ক্রীড়া সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী গৌতম ভট্টাচার্য্যকে সংবর্ধনা জানান।

ক্রীড়া সাংবাদিকতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের সামনে খেলার বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলি সরলভাবে উপস্থাপন করতে গেলে সাংবাদিকদের ঐ খেলা সম্পর্কে সামগ্রিক জ্ঞান থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মশালা সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারে। মানুষের জানার কোনও শেষ নেই, তাই জানার আগ্রহও থাকতে হবে। কর্মশালায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তাঁর জীবনে ব্যাডমিন্টন খেলা, ক্রসকান্ট্রি দৌড়, ফুটবল খেলা ইত্যাদি বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। সাংবাদিকদের প্রয়োজনীয়তার ভিত্তিতে টেলি-সাংবাদিকতা শুরু করার উপর বিশেষ জোর দিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, খেলাধুলার প্রতি যাদের আগ্রহ রয়েছে তারাই এই পেশায় যুক্ত হয়ে থাকেন। ২০১৮ সালের পর রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যের ৫০টি খেলার মাঠের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর নামকরণ রাজ্যের বিশিষ্ট খেলোয়াড়দের নামে করা হচ্ছে।খেলোয়াড়দের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে ত্রিপুরা স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং ত্রিপুরা স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচির সূচনা করা হয়েছে। খেলোয়াড়দের জন্য বীমার ব্যবস্থা করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেন আগামীদিনে রাজ্য থেকে আরও অনেক খেলোয়াড় অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন, রাজ্যে প্রথমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। সাংবাদিকগণ নিজেদের সুবিধা অসুবিধার বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী ও অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে আজ বিকালে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মহতি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যে কর্মরত বিশাল সংখ্যক ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকরা। রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন এক অন্য মাত্রা পেয়েছিল যখন রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের হাতে বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র তুলে দেয়া হয়। আগরতলা প্রেস ক্লাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা প্রনব সরকার এবং আগরতলার প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সন্তোষ গোপ। ধন্যবাদ জানান সভাপতি শান্তনু বনিক। শেষ পর্বে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের হাতে বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র তুলে দেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ উপস্থিত অতিথিরা।

এর আগে সকালে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন এবং আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এনএসআরসিসিতে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সম্পাদক স্বপন সাহা,ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সন্তোষ গোপ এবং ক্লাবের উপদেষ্টা অলক ঘোষ। পরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেওয়া হয় ত্রিপুরা ক্রীড়া পর্ষদের এর তরফে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top