আগরতলা, ১১ নভেম্বর : পরীক্ষায় নকল করতে গিয়ে পর্যবেক্ষকদের হাতে ধরা পড়ল এক পরীক্ষার্থী। তাঁর বিরুদ্ধে পশ্চিম থানায় অভিযোগ করা হলে পুলিশ এই পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা রুজু করেছে।
প্রসঙ্গত রবিবার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে একটি কেন্দ্র ছিল বাণী বিদ্যাপীঠ স্কুল। উক্ত কেন্দ্রে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করেছিল এবং পরীক্ষা চলাকালীন সময় ইনভিজিলেটর চোখে এই বিষয় ধরা পড়ে। পরীক্ষার্থীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী। মোবাইল নিয়ে পরীক্ষার হলে যাওয়ার কারণে সেই পরীক্ষার্থীকে তখন আটক করা হয় এবং এই বিষয়ে পশ্চিম থানা অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছিল। ১৩৬/২০২৪ আন্ডার সেকশন ২২৩/৩১৮(২) বিএনএস এবং পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার) আইনের ১০ ধারা অনুযায়ী বিশ্বজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পশ্চিম থানা পুলিশ আধিকারিক। তিনি আরো বলেন, পরীক্ষার্থী বিশ্বজিৎ চক্রবর্তী নিজেকে কোভিড আক্রান্ত বলে দাবি করে একটি সার্টিফিকেট দেখায়। সেই কারণে তাঁকে আলাদা একটি ঘরে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়। সেখানে বসে সে মোবাইল বের করে লেখার চেষ্টা করতে গিয়ে রুমের বাইরে থাকা পর্যবেক্ষকদের হাতে ধরা পড়ে যায়।পুলিশ এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পশ্চিম থানা পুলিশ আধিকারিক।।



















