আগরতলা, ৮ আগস্ট : সকাল থেকেই শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ফলে, রাজ্য মন্ত্রিসভার সদস্য বিধায়ক এবং বিশিষ্টজনেরা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ দুপুর সোয়া বারোটা নাগাদ কৈলাসহরের বিলাশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্হ পেচারডহর সিনিয়র বেসিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি এদিন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ভোটাধিকার প্রয়োগ করে ভালো লাগছে। বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। শুধুমাত্র একটি আসনে ভোট হচ্ছে। ওই আসনেও বিজেপি বিপুল ভোটে জয়ী হবে, দৃঢ়তার সাথে বলেন তিনি।
নিজের ভোটাধিকার প্রয়োগ করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যবাসী উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন।কৈলাসহরের বিলাশপুর গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সকাল ৮ টায় নুরপুর সিনিয়র বেসিক স্কুলে ভোট দিয়েছেন ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাসহরের প্রাক্তন বিধায়ক মোবস্বর আলী। এদিন তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নুরপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল পরিচালনা করেছে। কংগ্রেস দলের স্বজনপোষণের বিরুদ্ধে নুরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তৎসঙ্গে, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সকাল নয়টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান ঊনকোটি জেলা পরিষদের দুই নং আসনের কংগ্রেস প্রার্থী এবং একই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতির তিন নং আসনেও কংগ্রেস প্রার্থী। টিলাবাজার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মো: বদরুজ্জামান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং ঊনকোটি জেলা পরিষদ আসনে জয় নিশ্চিত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস দল দখল করবে। এর পাশাপাশি গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল দখল করবে বলে দাবি করেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি বলেন, ভোটদান গণতান্ত্রিক রাষ্ট্রের একটি পবিত্র কাজ, যা গনতান্ত্রিক উৎসব হিসেবেও পরিচিত। আজ ত্রিস্তর পঞ্চায়েতের ভোটদান পর্বে নিজেকে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত ও গৌরব বোধ করছি। রাষ্ট্রহিতে ভোটদান করার জন্য সকলের কাছে তিনি আবেদন রেখেছেন।


















