সুরাট, ৭ জুলাই (হি. স.): সুরাটের বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। রবিবার জানিয়েছেন সুরাটের ডিসিপি রাজেশ পারমার। তিনি বলেন, শনিবার দিনভর উদ্ধারকাজ চলেছে। রবিবারও তা জারি আছে। ৭ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি একজন মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছে। ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।
উল্লেখ্য, ধ্বংসস্তুপে রবিবারও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুপুরে সুরাটের সচিন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি ছ”তলা ভবন। রবিবার সকালেও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা। পাশাপাশি দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সুরাটের সচিন এলাকার এই ছয়তলা বিল্ডিংয়ে অনেকগুলি ফ্ল্যাটের মধ্যে মাত্র কয়েকটিতেই লোকজন থাকতেন। তবে শনিবার সকালের দিকে অনেকেই বেরিয়ে গিয়েছিলেন। বিশেষ করে পরিবারের ছেলেরা ছিলেন না বলেই জানা যাচ্ছে। তাই বেশিরভাগ মহিলা আটকে পড়েছিলেন বলে জানা যাচ্ছে।



















