নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): বুধবারই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডি”র বৈঠকে হাজির ছিলেন দু’জনে। তার পরের দিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাড়িতেই হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক অখিলেশের বাড়িতে যান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও।
এই তিন নেতার মধ্যে জাতীয় রাজনীতি-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু সময় কাটিয়ে অখিলেশের বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক ও ডেরেক। উল্লেখ্য, কংগ্রেসের পরে বিরোধী জোটকে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তর প্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস।



















