নাগরাকাটা, ২ ফেব্রুয়ারি (হি.স.): ডুয়ার্সের জঙ্গলপথের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের গাড়িতে করেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বাইরে থেকে গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে। বন কর্মীদের এই প্রয়াসে খুশি প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা গ্রাম থেকে মোট ১৭ জন পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেয় বন দফতরের দু’টি গাড়ি। নাগরাকাটার দু’টি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে ছিলেন বন কর্মীরা। জঙ্গল লাগোয়া ওই রাস্তার বিভিন্ন স্থানে বনকর্মীদের কড়া নজরদারিও লক্ষ্য করা গিয়েছে। শুধু খেরকাটাই নয়, এদিন ডুয়ার্সের বামনডাঙ্গা, বড়দিঘি, খুংলুং বস্তি, আপার কলাবাড়ি, জ্বালাপাড়া, ডুডুমারি, আলেববস্তি, ডায়না বস্তি, গোসাইয়েরহাট, মোগলকাটার মতো বিভিন্ন হাতি উপদ্রুত এলাকার পড়ুয়াদেরও বন দফতর নিজেদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।



















