বীরভূম, ২ ফেব্রুয়ারি (হি.স.): বীরভূমে অনুমতি পেল না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার জন্যই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুক্রবারই বীরভূমে প্রবেশ করার কথা। কিন্তু এই যাত্রার পুলিশের কোনও অনুমতি নেই, শুক্রবার এমনটাই জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।
রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, আওগ্রাম, এড়োয়ালি, পারুলিয়া হয়ে শুক্রবার বীরভূমের তারাপীঠ থানার বুধিগ্রাম অঞ্চলের মাঝিপাড়ায় পৌঁছনোর কথা। কিছুটা বিলম্বের পর এদিন সকালেই মুর্শিদাবাদে শুরু হয় রাহুলের যাত্রা। এদিনই ঝাড়খণ্ডে পৌঁছবেন রাহুলরা। রাহুলের সঙ্গে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আগে রাহুলের আসার কথা ছিল সকাল সাড়ে ৯টা নাগাদ। কংগ্রেস সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তা পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সুপারের দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশের তরফ থেকে সেই আবেদন বাতিল করা হয়।



















