নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): চণ্ডীগড়ের রাজনৈতিক উত্তাপের আঁচ এ বার এসে পড়ল দিল্লিতে। গত মঙ্গলবার চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তোলে বিরোধী এএপি এবং কংগ্রেস। নির্বাচনে জয়ী হন বিজেপির মেয়র পদপ্রার্থী। ‘কারচুপি’র বিরুদ্ধে শুক্রবার পথে নামার সিদ্ধান্ত নেয় অরবিন্দ কেজরিওয়ালের দল। তার আগেই শুক্রবার সকাল থেকেই দিল্লিতে আম আদমি পার্টির দফতরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
আর পুলিশ বাহিনী মোতায়েন নিয়েই বিজেপিকে নিশানা করলেন কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, “প্রথমে তাঁরা চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ভোট লুট করেছে। এখন শান্তিপূর্ণ প্রতিবাদে আসা মানুষজনকে দিল্লির সর্বত্র থামানো হচ্ছে।” আবার দিল্লির মন্ত্রী অতিশী এক্স মাধ্যমেই জানিয়েছেন, “সমগ্র দিল্লি জুড়ে ভারী ব্যারিকেড, এএপি কর্মীদের আটক করা হয়েছে, চণ্ডীগড় মেয়র নির্বাচনের প্রতিবাদে বিজেপি কেন এত ভয় পাচ্ছে?” অতিশী দাবি করেছেন, বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে দলীয় বিধায়ক এস কে বাগ্গাকে আটক করেছে পুলিশ।



















