কলকাতা, ৬ জুন (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটক সফরকে নাটক বলে তাচ্ছিল্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কটক পৌঁছে যান। সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপবাবু। বলেন, “এ সবই ড্রামা। কটক কেন? কেন দার্জিলিং গেলেন না! যানা থা জাপান পৌঁছ গয়ে চীন! ক্যায়া মতলাব হোতা হ্যায়।বৌমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই।
কটক কেন যাচ্ছেন? উঠল বাই কটক যাই!
এই যে কালচার রাজনীতির এতে বাংলার শেষ হয়ে গেছে।”
রেল দুর্ঘটনা প্রসঙ্গে অন্তর্ঘাতের আশঙ্কা উসকে খুরদা ডিআরএম এর দাবি, সিগন্যাল বদলে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “ঘটনা যাই হোক! বিরোধীরা অনেক রকম অভিযোগ করছে। রেলমন্ত্রী ও এই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন তাই সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই এর তদন্তের রিপোর্ট আসুক। আমরাও চাই এত বড় রেল দুর্ঘটনা হলো। এত মানুষের প্রাণ গেল। এত সম্পত্তির ক্ষতি হলো। ছোট ঘটনা নয় তাই তদন্ত হচ্ছে অপেক্ষা করা উচিত।”



















