আগরতলা, ৬ জুন (হি.স.) : গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুটি চালকের। বিশালগড় মহকুমায় জাঙ্গালিয়া স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছিল। দমকল কর্মীরা আহত স্কুটি চালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টি আর ০৭ এফ ৫৬০৫ নম্বরের স্কুটিতে চেপে চন্দন দেবনাথ বিশালগড় থেকে উত্তর চড়িলাম নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিশালগড় মহকুমায় জাঙ্গালিয়া স্কুলের সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা গাড়ি স্কুটিতে সজোরে ধাক্কা দেয়। তাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন চন্দন। স্থানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বলে জানান তিনি।
স্থানীয় মানুষ সাথে সাথে বিশালগড় থানায় ও দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আহত স্কুটি চালককে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত স্কুটি থানায় নিয়ে গেছে।



















