আমবাসা (ত্রিপুরা), ৬ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। অসম-আগরতলা জাতীয় সড়কে কাঁঠালবাড়ি এলাকায় নাকা চেকিং–র সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৪ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫৪ প্যাকেটে মোট ৮৯৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।সাথে বহিঃরাজ্যের গাড়িটি আটক করা হয়েছে। কিন্তু পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।
তিনি বলেন, আজ সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে কাঁঠালবাড়ি এলাকায় সকাল থেকে রাস্তার ধারে এইচআর ৩৮ওয়াই২০২৫ নম্বরের একটি কন্টেইনার গাড়ি সন্দেহমূলকভাবে দাঁড়িয়ে ছিল। তখন গাড়িটি নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীদের নজরে পড়ে। সাথে সাথে আমবাসা থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৫৪ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।গাঁজা সমেত গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, ৫৪ প্যাকেটে মোট ৮৯৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ২ কোটি টাকা হবে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।


















