মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.) : অবশেষে বম্বে হাইকোর্টে জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপি নেতা অনিল দেশমুখ। ২০০ কোটির তোলাবাজি মামলায় সোমবার অনিল দেশমুখকে জামিন প্রদান করেছে বম্বে হাইকোর্ট। ১ লক্ষ টাকার সিউরিটিতে অনিল দেশমুখকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, দেশমুখকে তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে।
২০২১ সালের ২ নভেম্বর ২০০ কোটির তোলাবাজি মামলায় গ্রেফতার হয়েছিলেন এনসিপি নেতা অনিল দেশমুখ। তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন, করোনারি এনজিওগ্রাফির জন্য সম্প্রতি তাঁকে বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয়। অনিল দেশমুখের আইনজীবী অনিকেত নিকম জানিয়েছেন, “আমরা স্বাস্থ্যের কথা জানিয়েছি আদালতে। অনিল দেশমুখের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল এবং আমরা তাঁর স্বাস্থ্যের নথি আদালতে পেশ করেছি… সিবিআই বলেছে তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে, আদালত তাঁদের অনুমতি দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে আদেশ ১০ দিনের জন্য স্থগিত করেছে।”



















