ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। চলতি প্রস্তুতি ম্যাচটি দুদিনের পরিবর্তে তিন দিনের করা হচ্ছে। তৃতীয় দিনের খেলা হবে আগামীকাল। বলা বাহুল্য প্রস্তুতি ম্যাচের সুফল মিলতে শুরু করেছে। আজ দ্বিতীয় দিনেও উঠে এসেছে নতুন নাম। অর্ধশত স্কোর সৌরদীপ দেববর্মার ব্যাট থেকে। দীপঙ্কর ভাটনগর ও জয়জিৎ সাহা-রাও এগুচ্ছে হাফ সেঞ্চুরির দিকে। বোলিং সাফল্যের খতিয়ানে রয়েছে আকাশ রায়, রিয়াদ হোসেন এবং নন্দ দুলাল-দের নাম। সব মিলিয়ে আসন্ন বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেটকে সামনে রেখে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে এমবিবি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ চলছে জোর কদমে। প্রাথমিক বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে দু’দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলানো হচ্ছে। ওভারনাইট স্কোর ১৩ ওভারে ৩৮ রান হাতে নিয়ে টিসিএ গ্রীন টিম আজ, শুক্রবার ৪০ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরদীপ দেববর্মা ৬৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি সহযোগে ৬৪ রান পায়। এছাড়া, ওপেনার দেবাংশু দত্ত সংগ্রহ করেছে ৩৮ রান। বোলার আকাশ রায় ১৭ রানে এবং রিহাদ হোসেন ২৫ রানে তিনটি করে উইকেট পায়। নন্দদুলাল তিন ওভার বল করে কোন রান না দিয়ে দুটি উইকেট তুলে নেয়। জবাবে টিসিএ রেড টিম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪২ ওভার খেলে বিনা উইকেটে ৮৯ রান সংগ্রহ করেছে। ওপেনার দীপঙ্কর ভাটনগর ৪৮ রানে এবং জয়জিৎ সাহা ৩৯ রানে উইকেটে রয়েছে। যতদূর খবর, আগামীকাল প্রস্তুতি ম্যাচের অন্তিম দিনের খেলা শেষে চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। উল্লেখ্য, বিজয় মার্চেন্ট ট্রফি গ্রুপ লিগে ত্রিপুরা ১লা ডিসেম্বর থেকে খেলবে সুরাটে।

প্রস্তুতি ম্যাচে সিলেক্টরদের নজর কাড়তে লড়ছে উঠতি ক্রিকেটাররা
Tags:

















