ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।।প্রথমবারের মতো শহরে এশিয়ান টেনিস টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। আগামীকাল থেকে এশিয়ান রেংকিং জুনিয়র টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগরতলায় মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স এবং দশরথ দেব ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইন্ডিয়া টেনিস ফেডারেশনের উদ্যোগে এবং ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিনদেশের খেলোয়াড়রা ইতিমধ্যে আগরতলায় পৌঁছে যাচ্ছেন। আই.টি.এফ অনুমোদিত কর্মকর্তারাও আগরতলায় পৌঁছে গেছেন। প্রস্তুতিপর্ব চলছে জোড় কদমে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ছটায় রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত বৃহত্তম এশিয়ান জুনিয়র টেনিস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ বিকেলে মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতা ঘিরে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে রাজ্য টেনিস সংস্থার সচিব সুজিত রায়, সহ-সভাপতি প্রণব চৌধুরী, যুগ্ম সচিব অরূপ রতন সাহা ও মৃন্ময় সেন, কোষাধ্যক্ষ বিধান রায় প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনিবার্য কারণে আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব একদিন পিছিয়ে যেতে পারে, তবে আইটিএফ গাইডলাইন অনুযায়ী প্রতিযোগিতা যথারীতি শুরু হয়ে যাবে ১০ সেপ্টেম্বর নির্দিষ্ট সময় থেকেই। খেলোয়াড়রাও যথারীতি সাইন আপ করে নিচ্ছে। বলা বাহুল্য, এই টুর্নামেন্টে এশিয়ান দেশগুলো থেকে প্রায় ৬০ জন ছেলেমেয়ে অংশ নিতে আসছে। ত্রিপুরার তিনজন খেলোয়াড়ও রয়েছে যারা তাতে নিজেদের পারফরমেন্স তুলে ধরবে।

Tennis:প্রথমবারের মতো শহরে শনিবার থেকে এশিয়ান টেনিস টুর্নামেন্টের আয়োজন
Tags:

















