কৃষিনীতি পুনর্বিবেচনার প্ৰয়োজন, ফের কেন্দ্রকে তোপ ‘বেসুরো’ বরুণের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স) : আবারও কৃষকদের পক্ষ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। এর আগেও একাধিকবার উত্তরপ্রদেশের লখিমপুরের হিংসার ঘটনায় কৃষক পক্ষ নিয়ে সওয়াল করেছিলেন তিনি। শাস্তিস্বরূপ, বিজেপির জাতীয় কার্যনির্বাহী দল থেকে বাদ পড়েছেন তিনি। তারপরও থেমে নেই তিনি।
এবার ফের শনিবার ফের কৃষক আন্দোলনের পক্ষে কৃষি বিল নিয়ে কেন্দ্রের ‘পুনর্বিবেচনা’ করা উচিত্‍ বলে সরব হন বরুণ গান্ধী। বরুণ গান্ধী একমাত্র বিজেপি নেতা-সাংসদ যিনি বারবার লখিমপুরের ঘটনা নিয়ে কৃষকদের পক্ষ নিয়েছেন। সেই ধারা বজায় রেখে শনিবার ফের টুইট করে কেন্দ্রকে কৃষিবিল নিয়ে ভাবনা চিন্তার বার্তা দিলেন। এদিন নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও বার্তায় বিজেপি নেতা লেখেন, ‘উত্তরপ্রদেশের সামোধ সিং নামে একজন কৃষক গত ১৫ দিন ধরে এক মাণ্ডি থেকে আরেক মাণ্ডি ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কোনভাবেই তাঁর ফসল বিক্রি করতে পারেন না। পরে হতাশ হয়ে তাঁর জমির সব ফসল পুড়িয়ে ফেলেন তিনি।’ এরপরই তিনি যোগ করেন, ‘আমাদের উচিত্‍ দেশের কৃষি নীতি নিয়ে পুনর্বিবেচনা করা’।

আগামী বছরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিজেপি চাইছে, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত উত্তরপ্রদেশে নিজেদের সরকার ধরে রাখার। সেক্ষেত্রে বরুণ গান্ধীর একাধিক আক্রমণ কিছুটা অস্বস্তিতে ফেলছে বিজেপি সরকারকে।