নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ এটিএমে টাকা লুট করার চেষ্টা৷ ঘটনা গকুলনগরস্থিত টিএস আরের প্রথম ব্যাটেলিয়ানের গেইটের সামনে অবস্থিত এটিএমে৷টি এস আর ক্যাম্প সংলগ্ণ এলাকায় এ ধরনের লুটের ঘটনার চেষ্টা কে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনা৷ যাতে জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ণ উঠেছে৷
উল্লেখ্যবিশালগড়ে দিনের পর দিন ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরাও নিশ্চুপ৷ এবারের ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগরস্থিত টি এস আর এর প্রথম ব্যাটেলিয়ান সংলগ্ণ এটিএমে৷ ঘটনার বিবরণে জানা যায় ,বৃহস্পতিবার গভীর রাতে গকুলনগরস্থিত টিএস আরের প্রথম ব্যাটেলিয়ানের গেইটের সামনে অবস্থিত এটিএমে ছিনতাইকারীরা টাকা লুট করার জন্য যায়৷ কিন্তু পরবর্তী সময় এই ঘটনা উক্ত টিএসআর ক্যাম্পের গেইটে দায়িত্ব প্রাপ্ত এক জওয়ানের নজরে আসে৷ এমনকি সিসিটিভি ক্যামেরায়ও লক্ষ্য করা যায় ছিনতাইকারীরা এটিএম-এ টাকা লুট করার চেষ্টা করছে৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ কিন্তু ছিনতাইকারীরা তা টের পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়৷ যদিও পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাউকেই আটক করতে পারেনি৷ তবে জানা যায়, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফোটেজ দিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে৷ এদিকে একের পর এক ছিনতাইয়ের ঘটনা বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে রীতিমত প্রশ্ণ উঠেছে৷ বিশালগড় থানা এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

