গুয়াহাটি ও কলকাতা, ৭ জুলাই (হি.স.): তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম। বুধবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় অসমের গোয়ালপাড়ায়। কম্পন টের পাওয়া গিয়েছে সংলগ্ন মেঘালয় ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও। ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বেশি কয়েকটি জেলায়। কোচবিহারে, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন বাসিন্দারা।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় অসমের গোয়ালপাড়ায়। মেঘালয়ের টুরা থেকে ৭১ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ২৬.১৫ অক্ষাংশ এবং ৯০.২৮ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূকম্পন টের পাওয়া গিয়েছে মেঘালয় ও পশ্চিমবঙ্গেও। এদিনের ভূকম্পন ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


















