News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ ব্রিটেনে নিভৃতবাসে জি-৭ বৈঠকের প্রতিনিধি দল
Image

বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ ব্রিটেনে নিভৃতবাসে জি-৭ বৈঠকের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : ব্রিটেনে গিয়ে গৃহবন্দি হলেন ভারতের বিদেশমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল। জি-৭ এর সদস্য দেশগুলির বৈঠকে যোগ দিতে সোমবার লন্ডনে গিয়েছিলেন তাঁরা। দলের দুই প্রতিনিধির করোনা সংক্রমণ ধরা পড়ায় গোটা দলটিকেই নিভৃতবাসে যেতে হয়েছে।


বুধবার লন্ডনে তাঁদের ছাড়াই বসে জি-৭ এর বৈঠক। তার আগে টুইট করে এ বিষয়ে জানান বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। টুইটারে লেখেন তিনি নিজে করোনা নেগেটিভ হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই থাকছেন না জি-৭-র বাকি বৈঠকগুলিতে। আপাতত ব্রিটেন সফরে তাঁর দায়িত্বগুলি ভার্চুয়াল প্ল্যাটফর্মের সাহায্যেই সম্পন্ন করবেন বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী।


আগামীকাল বৃহস্পতিবারই ব্রিটেনের বিদেশসচিব ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করার কথা ছিল জয়শঙ্করের। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে কেন্ট-এর গ্রাম সেভেনিংয়ে সেই বৈঠক বসার কথা ছিল। সেই বৈঠকও ভার্চুয়াল ক্ষেত্রেই হবে বলে জানানো হয়েছে।


জি-৭ এর বৈঠকে যোগ দিতে ৪ দিনের সফরে সোমবারই লন্ডনে পৌঁছন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং তাঁর দল। মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। বৈঠকের যোগ দেওয়ার আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয়েছিল বিদেশমন্ত্রী-সহ ভারতীয় প্রতিনিধি দলের প্রত্যেকেরই। তাতেই ধরা পড়ে প্রতিনিধি দলের দুই সদস্যের করোনা সংক্রমণের কথা। রিপোর্ট আসার পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ ভারতীয় প্রতিনিধিদের গোটা দলটিই নিজেদের গৃহবন্দি করেন।


উল্লেখ্য, ভারত জি-৭ র সদস্য দেশ নয়। জি-৭ এর সাতটি সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা এবং ব্রিটেন। তবু লন্ডনে আয়োজিত জি-৭ এর বৈঠকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের। করোনা অতিমারির পর এটাই প্রথম বৈঠক জি-৭ এর সদস্য দেশগুলির।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top