নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি. স.) : করোনা রোধ করার জন্য আরও বেশি পরিমাণে টেস্টিং বাড়ানোর উপর গুরুত্ব দিলেন কংগ্রেসের প্রাক্তন জাতীয় সভাপতি রাহুল গান্ধী। পাশাপশি রবিবার দিনকে প্রদীপ জ্বালানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন তিনি।শনিবার রাহুল গান্ধী নিজের টুইট বার্তায় জানিয়েছেন, করোনার টেস্টিংয়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে অনেক কম হচ্ছে। প্রতি ১০ লক্ষ লোকের মধ্যে কেবল মাত্র ২৯ জনের পরীক্ষা হচ্ছে এ দেশে। এই বিষয়ে প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে পিছিয়ে রয়েছে ভারত।
পাকিস্তানে ১০ লক্ষ লোকের মধ্যে ৬৭ জনের পরীক্ষা হচ্ছে। শ্রীলঙ্কায় সেই সংখ্যাটা ১০ লক্ষ লোকের মধ্যে ৯৭ জনের। এই পরিসংখ্যানের দিক দিয়ে সব থেকে ভাল অবস্থা দক্ষিণ কোরিয়ার। সেখানে ১০ লক্ষ মানুষের মধ্যে ৭৬২২ জনের পরীক্ষা হচ্ছে। এর পরেই রয়েছে ইতালি, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন। করোনা ভাইরাস রোধে ভারত পর্যাপ্ত পরীক্ষা করছে না। তালি বাজিয়ে বা মশাল ঝালিয়ে এই সমস্যার সমাধান হওয়ার নয়। টেস্টিং করাটা জরুরি।


















