নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরির সন্ধানে যাওয়া থেকে ভারতীয় নাগরিকদের সতর্ক করল কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন। এই সুবিধার অপব্যবহার করলে নির্ধারিত সময়ের বেশি থাকা, বেআইনি অভিবাসন পরিস্থিতি, প্রতারণা ও শোষণের শিকার হওয়া, আটক এবং আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার জারি করা পরামর্শে হাইকমিশন জানিয়েছে, “৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে চাকরির সন্ধানে মালয়েশিয়ায় আসা ভারতীয় নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”
পর্যটনের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়া ভারতীয়দের থাকার নির্ধারিত শর্তগুলি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে পর্যটন ভিসা বা পর্যটনভিত্তিক প্রবেশের সুযোগ ব্যবহার করে চাকরি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।
হাইকমিশন আরও জানিয়েছে, ভুয়ো চাকরির প্রস্তাব দিয়ে প্রতারক এজেন্টরা বহু ভারতীয়কে বিভ্রান্ত করছে। এর ফলে অনেকে নির্ধারিত সময়ের বেশি থেকে যাচ্ছেন এবং বেআইনি অভিবাসন পরিস্থিতিতে পড়ছেন। পাশাপাশি শোষণ, আটক এবং আইনি পদক্ষেপেরও মুখোমুখি হচ্ছেন।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশের মাধ্যমে মালয়েশিয়ায় চাকরি খোঁজা দেশটির অভিবাসন নিয়মের লঙ্ঘন। ভারতীয় পাসপোর্টধারীদের সর্বোচ্চ ৩০ দিন মালয়েশিয়ায় থাকার এই সুবিধা শুধুমাত্র পর্যটন ও সামাজিক সফরের জন্য প্রযোজ্য।
পর্যটনের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়া ভারতীয় নাগরিকদের ইমিগ্রেশনে সমস্যা এড়াতে বৈধ ও যাচাইযোগ্য নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে নিশ্চিত রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড অনলাইনে জমা দেওয়ার প্রমাণ রাখা জরুরি। আগমনের তিন দিন আগে এমডিএসি জমা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এছাড়া, যাত্রীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকা নিশ্চিত করতে বলা হয়েছে।
পুনরায় সতর্ক করে হাইকমিশন জানিয়েছে, “ওয়ার্ক পারমিট অথবা ভিসা উইথ রেফারেন্স ছাড়া কাজ বা চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া ভ্রমণ না করার জন্য ভারতীয় নাগরিকদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।”
ভুয়ো চাকরির প্রস্তাবের মাধ্যমে ভারতীয় নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে পরে দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের পরিস্থিতিতে ফেলে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। মালয়েশিয়ায় চাকরির জন্য যাওয়ার আগে উপযুক্ত অনুমতি ও প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।


















