News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল বুঝিয়ে এনএইচআইডিসিএল-কে কাজের হস্তান্তর হয়েছে, দাবি সুদীপের, জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কারে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী
Image

ভুল বুঝিয়ে এনএইচআইডিসিএল-কে কাজের হস্তান্তর হয়েছে, দাবি সুদীপের, জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কারে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের দায়িত্ব এনএইচআইডিসিএল (ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড)-কে হস্তান্তরে ত্রিপুরার ৯ শতাংশ রাজস্ব ক্ষতি হয়েছে৷ এই দাবি করে ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায় বর্মণ বলেন, ভুল বুঝিয়ে সরকারি কাজ কেন্দ্রের অধীনস্থ সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দাবি খারিজ করে দিয়ে বলেন, কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এনএইচআইডিসিএলকে জাতীয় সড়ক নির্মাণ ও সংস্কারের দায়িত্ব হস্তান্তর করেছে৷ এই বিষয়ে এদিন বিধানসভায় সুদীপ রায় বর্মণ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মধ্যে দীর্ঘ সময় বাদানুবাদ হয়েছে৷ যুক্তি পাল্টা যুক্তি উভয়েই তুলে ধরেছেন৷

এদিন বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের তারকা চিহ্ণ প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী তথা পূর্তমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য পূর্ত দপ্তরের অধীনে জাতীয় সড়ক শাখা রয়েছে৷ ২০১৫ সালের জানুয়ারি মাসে ওই শাখা গঠন করা হয়েছে৷ বর্তমানে ওই শাখার অধীনে তিনটি ডিভিশন ও পাঁচটি সাব ডিভিশন অফিস রয়েছে৷ এদিন তিনি রাজ্য পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার কাজ এনএইচআইডিসিএল-কে হস্তান্তরের কারণ হিসাবে বলেন, জাতীয় সড়কের উন্নতিকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজ কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং মহা সড়ক মন্ত্রক কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে৷ জাতীয় সড়ক উন্নতিকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের দায়িত্ব এনএইচআইডিসিএল, এনএইচএআই, বিআরও এবং রাজ্য পূর্ত দপ্তর-র মধ্যে কোন সংস্থাকে ন্যস্ত করা হবে তাও কেন্দ্রীয় মন্ত্রক স্থির করে দেয়৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক ২০১৮ সালের ১৭ জুলাই এবং ২০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে ত্রিপুরার জাতীয় সড়কগুলির উন্নতিকরণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনএইচআইডিসিএল-র উপর ন্যস্ত করা হয়৷ তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রকের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ত্রিপুরার জাতীয় সড়কের উন্নতিকরণ ও সংস্কারের কাজ পূর্ত দপ্তরের মহা সড়ক শাখার হাত থেকে এনএইচআইডিসিএল-র কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হচ্ছে৷

এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, এনএইচআইডিসিএল-কে কাজ হস্তান্তর করে রাজ্যের রাজস্ব ক্ষতি হচ্ছে৷ মোট কাজের ৯ শতাংশ ক্ষতি ত্রিপুরাকে বহন করতে হচ্ছে৷ তাঁর কথায়, নিয়ম অনুযায়ী কোন সংস্থাকে কাজের বরাত দিতে গেলে দরপত্র আহ্বান করতে হয়৷ কিন্তু, কোন কারণ ছাড়া কেন এনএইচআইডিসিএল-কে দেওয়া হল তা বোঝা যাচ্ছে না৷ তিনি অনুমান করে বলেন, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অগোচরে হতে পারে৷ তাতে তাঁর আশঙ্কা, এই সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া ভবিষ্যতে তাড়া করতে পারে৷

সুদীপবাবুর বক্তব্যের পাল্টা যুক্তি তুলে ধরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবি, ত্রিপুরা সরকার প্রচন্ড গতিতে কাজ করতে চাইছে৷ কিন্তু, পূর্ত দপ্তরের হাতে কাজের দায়িত্ব থাকলে অর্থের বরাদ্দের হার আশানুরূপ হচ্ছে না৷ তাই, এনএইচআইডিসিএল-কে কাজের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একটি তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ত দপ্তরের হাতে কাজের দায়িত্ব থাকাকালীন ২০১৮-১৯ অর্থবছরে ১৭ কোটি ৮৭ লক্ষ টাকা পেয়েছে ত্রিপুরা৷ অথচ এনএইচআইডিসিএল-র হাতে কাজের দায়িত্ব তুলে দিতেই সংস্কার খাতে ৩ গুণ বেড়ে ত্রিপুরা পেয়েছে ৪২ কোটি ৫২ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৬ সাল থেকে পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখা তিনটি ডিপিআর কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিল৷ কিন্তু, ২টি ডিপিআরের অনুমোদন মিলেছে৷ তেমনি, জোলাইবাড়ি থেকে বিলোনিয়া জাতীয় সড়কের ডিপিআর এখনো অনুমোদিত হয়নি৷ মুখ্যমন্ত্রী এদিন জোর গলায় বলেন, এনএইচআইডিসিএল-কে জাতীয় সড়ক উন্নতিকরণের দায়িত্ব দেওয়ামাত্রই ৬টি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে৷ তাতে ব্যয় হবে ১১৮ কোটি ৬২ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চেয়েছেন, এনএইচআইডিসিএল-কে সরাসরি কাজের দায়িত্ব দেওয়া হলে তাতে প্রাধান্য পাওয়া যায়৷ সেই তুলনায় পূর্ত দপ্তরের মাধ্যমে কাজ করানো হলে কাজের অনুমোদন পেতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়৷

কিন্তু, মুখ্যমন্ত্রীর এই যুক্তিতে সুদীপ রায় বর্মণ আশ্বস্ত হতে পারেননি৷ তিনি পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রীর তদানীন্তন উপদেষ্টা বিজয় ছিববর এনএইচআইডিসিএল-কে রাজ্যের সমস্ত জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কার কাজের দায়িত্ব তুলে দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন৷ তাঁর পরামর্শেই এই সিদ্ধান্ত হয়তো মন্ত্রিসভার অগোচরেই নেওয়া হয়েছে৷ তিনি বিদ্রূপের সুরে বলেন, বিজয় ছিববর এনএইচআইডিসিএল-কে ত্রিপুরার কাজের দায়িত্ব তুলে দিয়েই ওই সংস্থাতে চাকুরিতে যোগ দিয়েছেন৷ সুদীপবাবুর দাবি, মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে৷ তাই, ওই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া উচিত হবে৷

তাতে মুখ্যমন্ত্রী আবারও যুক্তি তুলে ধরে বলেন, কাজের গতির প্রশ্ণেই এনএইচআইডিসিএল-কে সমস্ত জাতীয় সড়কের কাজ হস্তান্তর করা হয়েছে৷ তাতে, দুর্নীতির কোন প্রশ্ণই আসে না৷ মুখ্যমন্ত্রীর দাবি, এনএইচআইডিসিএল-র হাতে কাজের দায়িত্ব দেওয়া হলে কেন্দ্রীয় সরকার অধিক অর্থ বরাদ্দ করে৷ মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়ে পাল্টা সুদীপবাবুর বক্তব্য, কেন্দ্রীয় অধীনস্থ সংস্থার হাতে কাজের দায়িত্ব থাকলেই অধিক অর্থ বরাদ্দ হবে এমন কেন্দ্রীয় সরকারের এমন দৃষ্টিভঙ্গী আমি মনে করি না৷ পরিশেষে, মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে বিধানসভায় আশ্বস্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top