নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ সামনেই এডিসির নির্বাচন৷ পাহাড়ে অস্তিত্বের জানান দিতে এবং ভিত শক্ত করতে সেই পুরনো দাবী তিপ্রাল্যান্ডকে সামনে নিয়ে আন্দোলনমুখী হচ্ছে শাসক জোট শরিক আইপিএফটি৷ আগামী ৬ জানুয়ারী থেকে এডিসির সদর দপ্তর খুমুলুঙের কাছে দুকমালাই এলাকায় অনির্দিষ্টকালের জন্য গণবস্থান আন্দোলনে নামছে দল৷
আইপিএফটির সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মী জানিয়েছেন, এডিসি এলাকাকে পূর্ণ রাজ্য তথা পৃথক তিপ্রল্যান্ড গঠন করার দাবীতে এবং সেই সাথে নাগরিকত্ব সংশোধনী আইন যাতে রাজ্যে কার্যকর না হয় সেই দাবীতে ও রাজ্যে যাতে অবিলম্বে এনআরসি চালু করা হয় এই দাবীতে গণবস্থান আন্দোলন সংগঠিত করা হবে৷ এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য৷ আইপিএফটির এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে৷



















