News Flash

  • Home
  • Uncategorized
  • মিছিলকে ঘিরে সংঘর্ষ সিপিএম ও বিজেপি কর্মী আহত, আক্রান্ত পুলিশও
Image

মিছিলকে ঘিরে সংঘর্ষ সিপিএম ও বিজেপি কর্মী আহত, আক্রান্ত পুলিশও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ ডিসেম্বর৷৷ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার মন্দিরনগরী উদয়পুর৷ মঙ্গলবার উদয়পুরে সিপিএমের মিছিলকে ঘিরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন৷ ওই সংঘর্ষের ঘটনায় শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএম একে অন্যের বিরুদ্ধে ইতিমধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি শুরু করেছে৷ তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন রাধাকিশোরপুর থানার ওসি শ্যামল চক্রবর্তী৷


প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ উদয়পুরে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলোর বেসরকারিকরণের প্রতিবাদে সিপিএম মিছিল ও সভার ডাক দিয়েছিল৷ ওই মিছিলে শাসকদল বিজেপি-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়া এবং হামলার অভিযোগ এনেছে সিপিএম৷ বিজেপি-র দাবি, ত্রিপুরায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে সিপিএম মিথ্যা প্রচার করে চলেছে৷ শান্তিপূর্ণ আন্দোলনের অজুহাতে তাঁরা বিজেপি কর্মীদের আক্রমণ করেছে৷


সিপিএম বিধায়ক রতন ভৌমিক বলেন, উদয়পুরে সিপিএমের মিছিল ও সভায় বিজেপি-আশ্রিত দুষৃকতীরা হামলা চালিয়েছে৷ তাঁর কথায়, পুলিশের অনুমতি নিয়ে মিছিল ও সভা সংগঠিত করা হলেও পুলিশের সামনেই সিপিএম কর্মীদের ওপর হামলা করেছে বিজেপি-আশ্রিত দুষৃকতীরা৷ ওই হামলায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন রতনবাবু৷


তিনি বলেন, সিপিএম পার্টির মহকুমা দফতর থেকে মিছিলটি সেন্ট্রাল রোড হয়ে নিউ টাউন রোড ধরে এগোবার পথে বিজেপির ৮-১০ জন দুষৃকতকারী মিছিল আটকানোর চেষ্টা করে৷ কিন্তু দুর্বৃত্তদের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে চলে৷ তিনি অভিযোগ করে বলেন, মিছিল শেষে পার্টি অফিসের সামনে জামায়েত শুরু হলে বিজেপি-র ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে আক্রমণ চালায়৷ তাতে বেশ কয়েকজন আহত হন৷ তাঁদের টেপানিয়া জেলা হাসপাতালে পাঠাতে হয়েছে৷


রতনবাবুর কথায়, পার্টির উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক মানিক বিশ্বাস-সহ ৭-৮ জন পার্টিকর্মী হাসপাতালে ভরতি হয়েছেন৷ তাঁর দুই নিরাপত্তারক্ষী এবং গোমতি জেলা কমিটির সম্পাদক ও প্রাক্তন বিধায়ক মাধব সাহার দেহরক্ষীরাও আহত হয়েছেন, জানান তিনি৷ রতনবাবুর দাবি, তাঁর এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন৷ তাঁকে সিটিস্ক্যান করাতে হবে৷ সিপিএম ওই হামলার ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে৷


সিপিএমের বক্তব্য, পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে ওই হামলা চালানো হলেও পুলিশের নীরব ভূমিকা নিয়েছে৷ সিপিএম ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের নিষ্ক্রিয় ভূমিকার তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা নিতে শীর্ষ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে৷


এদিকে, বিজেপি-র গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় আজকের সংঘর্ষের ঘটনায় সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তিনি বলেন, সিপিএমের মিছিলে বিজেপি-র হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা৷ তাঁর দাবি, সিপিএম যখন মিছিল বের করে তখন নিউ টাউন রোডে কয়েকজন বিজেপি কর্মীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েছিল৷ তার পর সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর তাঁরাই বিজেপি কর্মীদের ওপর চড়াও হন৷

তিনি বলেন, সিপিএমের আক্রমণে বিজেপি-র তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন৷ প্রদীপ পোদ্দার, ভোলা দে এবং রূপন দে-কে হাসপাতালে ভরতি করতে হয়েছে৷ তাছাড়া, শিশির ভৌমিক-কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসক৷
অভিষেকবাবুর বক্তব্য, ত্রিপুরায় শান্তির পরিবেশ সিপিএমের সহ্য হচ্ছে না৷ তাই তাঁরা পরিবেশকে অশান্ত করে তোলার ক্রমাগত প্রচেষ্টা চালিয়েছে৷ তাঁর দাবি, মিছিলের অছিলায় সিপিএম বিজেপি কর্মীদের ওপর আক্রমণের সুযোগ খুঁজতে থাকে৷ আজকের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ৷ তিনি জানান, ওই ঘটনায় আজ সকালেই সিপিএম কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রদীপ পোদ্দার এবং শিশির ভৌমিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷


এদিকে, রাধাকিশোরপুর থানার ওসি শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, আজ সিপিএমের মিছিলকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে৷ নিউ টাউন রোডে বিজেপি কর্মীরা সিপিএমের মিছিলকে বাধা দিলেও পুলিশের হস্তক্ষেপে তাঁরা এগিয়ে যেতে পেরেছেন৷ পরবর্তী সময়ে সিপিএমের সভা শুরু হলে দুই দলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি হলে সিপিএম ও বিজেপি উভয় দলের কর্মী আহত হয়েছেন৷ ওই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top