News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের বন্ধের ডাক যৌথ ফোরামের, ভর্ৎসনা বিজেপি’র
Image

অনির্দিষ্টকালের বন্ধের ডাক যৌথ ফোরামের, ভর্ৎসনা বিজেপি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বিরোধিতা করে আগমী ৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ-এর ডাক দিয়েছে জয়েন্ট মুভমেন্ট অ্যাগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সংযুক্ত কমিটি)৷ শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কনভেনর এন্থনি দেববর্মা বনধ-এর ঘোষণা করেছেন৷ তিনি জানান, উপজাতিভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি, এনসিটি, টিএসপি, ছাত্র যুব সংগঠন টিএসএফ, বিভিন্ন উপজাতি ছাত্র সমাজ, নাগরিক সমাজ, ক্ষত্রিয় সমাজ এবং বিভিন্ন এনজিও তাঁদের কমিটিতে রয়েছে৷ সর্বসম্মতিক্রমেই অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এন্থনি দেববর্মার আহ্বান অন্য উপজাতিভিত্তিক রাজনৈতিক এবং জাতীয় দলও নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় আহূত বনধ-এর সমর্থন করুক৷ সাথে তাঁর হুঁশিয়ারি, প্রস্তাবিত বনধকে ঘিরে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাজ্য সরকারকে এর দায় নিতে হবে৷ এদিকে অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ-এর ঘোষণায় বিজেপি ভর্ৎসনা করে বলেছে, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়েই তাঁরা এখন রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে৷


সম্ভবত ৯ ডিসেম্বর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ তাই, ওইদিন থেকেই বিল-এর বিরোধিতায় অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধের ডাক দিয়েছে সংযুক্ত কমিটি৷ আজ এন্থনি দেববর্মা জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে৷ বিলটি এই অঞ্চলের ভূমিপুত্রদের সংখ্যালঘুতে পরিণত করবে৷ তাই এই বিলকে কোনওভাবেই সমর্থন করা যায় না৷


আইএনপিটি-র সাধারণ সম্পাদক বলেন, গতকাল সংযুক্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ কমিটির চেয়ারম্যান হিসেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং কনভেনর এন্থনি দেববর্মা নিযুক্ত হয়েছেন৷ তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল সম্ভবত লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাবে৷ কিন্তু, এই বিল থেকে ত্রিপুরাকে বাদ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছিল৷ অথচ, তাঁদের দাবি না মেনে কেন্দ্রীয় সরকার সংসদে বিল পেশ করতে চলেছে৷ তিনি এদিন সমস্ত আঞ্চলিক এবং জাতীয় রাজনৈতিক দলগুলিকে এই বিলের বিরোধিতায় বনধকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন৷
এনসিটি নেতা অনিমেষ দেববর্মা বলেন, ক্যাব লাগু হলে উত্তর-পূর্বাঞ্চলে ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে পড়বেন৷ তাই, ভূমিপুত্রদের স্বার্থে যাঁরা দীর্ঘ লড়াই-সংগ্রাম জারি রেখেছেন তাঁদের বনধের সমর্থনে এগিয়ে আসা উচিত৷ এক কদম এগিয়ে তিনি আইপিএফটি এবং বিজেপি জনজাতি বিধায়কদেরও ওই বিলের বিরোধিতায় এগিয়ে আসার আবেদন জানিয়েছেন৷ তিনি বলেন, শাসকদলীয় জনজাতি বিধায়কদের অবিলম্বে পদত্যাগ করে সারা দেশের কাছে বার্তা দেওয়া উচিত৷ তিনি মনে করেন, জনপ্রতিনিধিরা পদত্যাগ করলে দিল্লি এই বিলের ভয়াবহতা অনুভব করবে৷


অনিমেষ দেববর্মা বলেন, ইনার লাইন পারমিট এবং ষষ্ঠ তপশিলভুক্ত এলাকাকে নাগরিকত্ব সংশোধনী বিল-এর আওতার বাইরে রেখে জাতি-উপজাতির মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কেন্দ্র৷ তিনি বলেন, ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তঘেরা রাজ্য৷ এই রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে৷ ফলে, এই রাজ্যকে ওই বিলের আওতার বাইরে রাখা একান্তভাবে উচিত৷


এদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় ছাত্র সংগঠনগুলির যৌথমঞ্চ নর্থ-ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো)-এর রাজ্য নেতা জানান, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় ১০ ডিসেম্বর সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ১১ ঘণ্টার বনধ ডাকা হয়েছে৷ নেসো ত্রিপুরায় অনির্দিষ্টকালের বনধকেও সমর্থন জানাচ্ছে৷ অনিমেষবাবু এদিন বলেন, কেন্দ্রীয় সরকার এই বিল নিয়ে আলোচনায় এগিয়ে আসলে আমরা তাতে প্রস্তুত৷ কিন্তু, শুধু ষষ্ঠ তপশিল এলাকাকে এই বিলের আওতার বাইরে রাখা মেনে নেওয়া হবে না৷
নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় ত্রিপুরা বনধ-এ গোটা রাজ্য স্তব্ধ হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে৷ এতে জনজীবনে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু, সংযুক্ত কমিটির সদস্যদের দাবি, মত প্রকাশের অধিকারের বলেই এই বনধ-এর ডাক দেওয়া হয়েছে৷ অন্যায় হলে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবেই৷ তাতে একাংশের ভোগান্তি হবে তা অস্বীকার করছি না, বলেন এন্থনি দেববর্মা৷ তিনি জানিয়েছেন, বনধ-এর আওতায় সুকল, কলেজ, অফিস-আদালত থাকবে৷ তাছাড়া রাস্তা ও রেল অবরোধ করা হবে৷


এদিন জগদীশ দেববর্মা জানিয়েছেন, ৯ ডিসেম্বর থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই বনধ পালন করা হবে৷ তবে, অতীতে বনধকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে৷ তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহতও হয়েছিলেন৷ তিনি বলেন, গত ৮ জানুয়ারি নেসো-র ডাকা বনধকে বানচাল করার চক্রান্ত হয়েছিল৷ বিজেপির মদতপুষ্টরা ওই চক্রান্তে শামিল ছিলেন৷ ফলে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ গুলি ছুঁড়েছিল৷ তাতে কয়েকজন আহতও হয়েছিলেন৷
তিনি দাবি করেন, মাধববাড়ির ওই ঘটনায় শাসকদল যুক্ত ছিল৷ তাঁদের প্ররোচনায় পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছিল৷ তাঁর বক্তব্য, অনির্দিষ্টকালের ত্রিপুর বনধ-এও ষড়যন্ত্র হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া স্বাভাবিক৷ এক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর জন্য রাজ্য সরকারকে দায় নিতে হবে৷ তাঁর হুঁশিয়ারি, শান্তিপূর্ণ আন্দোলনে কারোর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷
এদিকে নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধকে তিরস্কার করেছে বিজেপি৷ দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষের কষ্টদায়ক কোনও আন্দোলনই মেনে নেওয়া যায় না৷ তাঁর কটাক্ষ, আহূত বনধ কাদের স্বার্থে তা আহ্বানকারীদের স্পষ্ট করতে হবে৷ তিনি ভর্ৎসনা করে বলেন, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়েই এখন তাঁরা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে৷


অন্যদিকে, বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান বিজন ধর প্রস্তাবিত বনধকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতা করে রাজ্যকে স্তব্ধ করে দেওয়াকে সমর্থন করি না৷ তাঁদের এই ফালতু আন্দোলনের সাথে বামফ্রন্ট একমত নয়৷ সাথে তিনি শাসক জোটশরিক আইপিএফটিকে বিঁধে বলেন, এই বিলের বিরোধিতায় ১২ ঘণ্টার বনধ না করে মন্ত্রিসভা থেকে তাঁদের বেরিয়ে যাওয়া উচিত৷


অবশ্য কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সংযুক্ত কমিটির ভূমিকাকে সমর্থন করেছে৷ প্রদেশ কংগ্রেস কমিটির কনভেনার পীযূষকান্তি বিশ্বাস বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরুদ্ধাচরণ করে আহূত আন্দোলনকে সমর্থন করছি৷ তাঁর কথায়, হয়ত সংযুক্ত কমিটি মনে করেছে ওই বিলের বিরোধিতায় চূড়ান্ত আন্দোলন হলেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে৷ সাথে তিনি জানিয়েছেন, ওই বনধকে সমর্থন করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top