News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএস-টিপিএস পরীক্ষা : রাজ্য সরকারের চ্যালেঞ্জ মামলা খারিজ হাইকোর্টে
Image

টিসিএস-টিপিএস পরীক্ষা : রাজ্য সরকারের চ্যালেঞ্জ মামলা খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস (টিপিএস)-এর নিয়োগে বাতিল পরীক্ষা বহাল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের চ্যালেঞ্জ মামলায় ত্রিপুরা সরকারের আবেদন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে টিপিএসসিকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে৷


প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করে পূর্বের সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছিল৷ কিন্তু, ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হওয়ায় টিসিএস এবং টিপিএস নিয়োগে বাতিল পরীক্ষা বহাল রাখার রায় দিয়েছিল হাইকোর্ট৷ ওই পরীক্ষা বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত৷ শুধু তা-ই নয়, গত ১৪ মে ঘোষিত রায়ে ৮ সপ্তাহের মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র৷


ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-এর মাধ্যমে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে৷ তদানীন্তন বামফ্রন্ট জমানায় ৩০ এপ্রিল (২০১৬) টিপিএসসি টিসিএস গ্রেড টু ৩০টি এবং টিপিএস গ্রেড টু ১৫টি শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি করেছিল৷ ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৭ সালের ১০ সেপ্ঢেম্বর প্রিলিমিনারি পরীক্ষা এবং ৩০ অক্টোবর ফলাফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি৷ তাতে বলা হয়েছিল, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মূল পরীক্ষার জন্য বাছাই করা হবে৷ সে মোতাবেক ২০১৭ সালের ২৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা নেয় টিপিএসসি৷ কিন্তু ২০১৮ সালের ৫ জুন রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করে বিজ্ঞপ্তি জারি করে৷ শুধু তা-ই নয়, ২০১৮ সালের ২০ আগস্ট এক মেমোরেন্ডামে পূর্বের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে জানানো হয়৷ তাতে টিসিএস এবং টিপিএস নিয়োগে গৃহীত পরীক্ষাটিও বাতিল করে দেয় ত্রিপুরা সরকার৷


ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকরি প্রত্যাশী জনৈক সমুদ্র দেববর্মা ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন৷ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই মামলায় ত্রিপুরা হাইকোর্টে শুনানি শুরু হয়৷ মামলাকারীর পক্ষে আইনজীবী শক্তিময় চক্রবর্তী বলেন, ত্রিপুরা সরকার হাইকোর্টে পরীক্ষা বাতিলের পক্ষে কোনও নির্দিষ্ট যুক্তি তুলে ধরতে পারেনি৷ তাই ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেছিলেন, কোনও প্রক্রিয়ার মাঝপথে সরকারের গৃহীত সিদ্ধান্তে ওই প্রক্রিয়াকে বাতিল করা যায় না৷ ভারতীয় সংবিধান তার অনুমতি দেয় না৷ তাই, টিপিএসসি-র পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগে পরীক্ষা বহাল থাকবে৷ সাথে হাইকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল, ৮ সপ্তাহের মধ্যে ওই বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷


ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিট আবেদন করেছিল ত্রিপুরা সরকার৷ গতকাল ওই মামলায় শুনানি সম্পন্ন হয়েছিল আদালতে৷ আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারের আবেদন খারিজ করে দিয়েছে৷ কার্যত ত্রিপুরা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে৷ আদালত টিপিএসসিকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে, জানিয়েছেন আইনজীবী শক্তিময় চক্রবর্তী৷ তিনি বলেন, সমুদ্র দেববর্মার পক্ষে আদালত রায় দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top