News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক অনটনে নয়, মানসিক অবসাদে দুই সন্তানকে মেরে দম্পতি আত্মঘাতী : আইনমন্ত্রী
Image

আর্থিক অনটনে নয়, মানসিক অবসাদে দুই সন্তানকে মেরে দম্পতি আত্মঘাতী : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আর্থিক অনটনে নয়, অজ্ঞতার কারণে, উপজাতির জমি কিনে ফেঁসে যাওয়ায় মানসিক অবসাদ থেকে দুই সন্তানকে বিষ খাইয়ে মেরে তাঁতি দম্পতি আত্মঘাতী হয়েছেন৷ ওই ঘটনার তত্ত্ব তালাশ করে জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিএম এবং কংগ্রেস ওই মর্মান্তিক ঘটনায় অভাব-অনটনকেই দায়ী করেছে৷ বিরোধী ওই অভিযোগ এইভাবেই খারিজ করলেন আইনমন্ত্রী৷ সাথে তিনি মৃত্যু নিয়ে রাজনীতি করার জন্য বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন৷


শনিবার ঋণের জ্বালা সহ্য করতে না পেরে দুই সন্তান বিশাল তাঁতি ও রুপালি তাঁতিকে প্রাণে মেরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছিলেন প্রকাশ তাঁতি ও তাঁর স্ত্রী সন্ধানী তাঁতি৷ ওইদিন সাতসকালে পশ্চিম জেলার সিধাই থানাধীন সোনাইয়ের সন্ন্যাসীমুড়া গ্রামে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল৷


ওই ঘটনায় আজ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধক্ষ্য পবিত্র কর ওই এলাকায় যান এবং মৃতের পরিবারের সাথে কথা বলেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই ঘটনায় ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, তাঁতি পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু ত্রিপুরার বাস্তব চিত্র তোলে ধরেছে৷ মানুষের হাহাকার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে৷ তিনি বলেন, মানুষের রোজগার কমে গেছে, অথচ ত্রিপুরা সরকার কার্নিভাল নিয়ে ব্যস্ত রয়েছে৷ এদিকে, কংগ্রেস নেতা সুবল ভৌমিকও সাংবাদিক সম্মেলন করে ওই ঘটনা নিয়ে ত্রিপুরা সরকারের নিন্দায় মুখর হয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় কাজ ও খাদ্যের অভাব আজ আবারো প্রমাণিত হয়েছে৷ চারজন মানুষের মৃত্যুর জন্য তিনি ত্রিপুরা সরকারকে দায়ী করেছেন৷


বিরোধীদের সমালোচনায় বিদ্ধ ত্রিপুরা সরকার অবশেষে ওই মৃত্যু নিয়ে মুখ খুলেছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে আইন মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, উপজাতি জমি কিনে ফেঁসে গিয়েছিলেন পরেশ তাঁতি৷ তাই, মানসিক অবসাদ থেকে নিজের দুই সন্তানকে প্রাণে মেরে তাঁরা স্বামী-স্ত্রী আত্মঘাতী হয়েছেন৷ তাঁর কথায়, এক পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক৷ কিন্তু, মৃত্যু নিয়ে রাজনীতি করা কারোরই উচিত নয়, বিরোধীদের নিশানা করে বলেন তিনি৷
এদিন তিনি সরকারি তথ্য তুলে ধরে বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্রকাশ তাঁতি ২৫ দিন, ২০১৮-১৯ অর্থ বছরে ৭৬ দিন এবং ২০১৯-২০ অর্থ বছরে এখন পর্যন্ত ৫০ শ্রম দিবস রেগার কাজ পেয়েছিলেন৷ তাছাড়া, ওই পরিবার বিপিএল-ভুক্ত ছিল৷ তাই, প্রতি মাসেই তাঁরা রেশনের সামগ্রী তুলতেন৷

আইনমন্ত্রীর দাবি, ওই পরিবারের চারজনের অনাহারে মৃত্যুর বাস্তবতা খুঁজে পাওয়া যায়নি৷ বরং, প্রকাশ তাঁতির শ্বাশুড়ি অঞ্জলি তাঁতি জানিয়েছেন, উপজাতির জমি কিনে এবং ওই জমির একটা অংশ এক ব্যক্তিকে গাঁজা চাষের জন্য দিয়ে ফেঁসে গিয়েছিলেন৷ কারণ, তাঁদের ক্রমাগত হুমকির জন্যই মানসিক অবসাদে ভুগছিলেন প্রকাশ৷ তাই, ওই মর্মান্তিক পরিণতি হয়েছে তাঁদের৷


আইনমন্ত্রী জানিয়েছেন, তিন বছর আগে পূর্ব সিমনা নিবাসী প্রসন্ন দেববর্মার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ১ কানি জমি কিনেছিলেন প্রকাশ তাঁতি৷ কিন্তু, উপজাতির জমি হওয়ায় ওই হস্তান্তর করা যাচ্ছিল না৷ এদিকে, তিন মাস আগে প্রকাশ তাঁতি ওই জমির তিন গন্ডা জায়গা স্থানীয় পদ্ম দেববর্মাকে ৭ হাজার টাকার বিনিময়ে গাঁজা চাষের জন্য দিয়েছিলেন৷ ওই খবর পেয়েই ঝামেলা শুরু হয়৷ আইনমন্ত্রী বলেন, জমির মালিক গাঁজা গাছ কেটে ফেলেন এবং পরেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন৷ অন্যদিকে, পদ্ম দেববর্মাও পরেশকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছিলেন৷ তাতে, তিনি কিছুদিন যাবৎ প্রচন্ড মানসিক অবসাদে ভুগছিলেন৷ আইনমন্ত্রী দাবি করেন, ওই মানসিক অবসাদ থেকেই নিজের দুই সন্তানকে প্রাণে মেরে স্বামী-স্ত্রী আত্মঘাতী হয়েছেন৷ মৃতের শ্বাশুড়ি অঞ্জনা তাঁতি এই সমস্ত বিষয় আমাদের জানিয়েছেন, বলেন আইনমন্ত্রী৷


তিনি আজ বামফ্রন্ট ও কংগ্রেসকে নিশানা করে বলেন, অভাবের কথা বলে বিরোধীরা নাটক করছেন৷ তাঁদের কাজ শুধুই মৃত্যু খোঁজা৷ আমরা মৃত্যু কামনা কারিনা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top