News Flash

  • Home
  • Uncategorized
  • সনাক্ত হল কদমতলায় উদ্ধার হওয়া মৃতদেহ, অভিযোগ পরিকল্পিত খুনের
Image

সনাক্ত হল কদমতলায় উদ্ধার হওয়া মৃতদেহ, অভিযোগ পরিকল্পিত খুনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন মধ্য বজেন্দ্রনগর এলাকায় একটি ছড়ায় সোমবার উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে৷ আজ মঙ্গলবার মৃতদেহটি শনাক্ত করেন মৃত যুবকের আত্মীয়স্বজনরা৷ মৃত যুবকের নাম প্রাণকান্ত দাস (২৫)৷ কদমতলা থানাধীন বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ার বাসিন্দা জনৈক হেমন্তকুমার দাসের ছেলে প্রাণকান্ত৷


সোমবার সকালে ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বজেন্দ্রনগর এলাকার গভীর জঙ্গলে গরু চরাতে গিয়ে এক ব্যক্তি একটি পাহাড়ি ছড়ায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মৃতদেহটি উপুর হয়ে পড়ে থাকতে দেখেন৷ ভয় পেয়ে তিনি তড়িঘড়ি বিষয়টি গ্রামবাসীর নজরে আনেন৷ ইত্যবসরে খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ও কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ তাঁরা পচাগলা বিবস্ত্র অজ্ঞাতপরিচয়ের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে যান৷
খবর পেয়ে আজ সকালে কদমতলা থানায় ছুটে আসেন মৃত যুবকের বড় বোন অর্চনা দাস ও তার আত্মীয় পরিজনরা৷ তার পর তাঁরা কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহটি দেখে শনাক্ত করেন৷ মৃত যুবক প্রাণকান্ত দাসের বোন অর্চনা দাস জানান, তাঁরা দুই ভাই ও দুই বোন৷ বছর দুয়েক আগে মা মারা যান৷ বাবা পক্ষাঘাতে আক্রান্ত৷ বর্তমানে তাঁরা নিজের গ্রাম ছেড়ে পশ্চিম পানিসাগরের ৬ নম্বর ওয়ার্ডে ছোট বোনের বাড়িতে বাবা ও ছোট ভাই প্রাণকান্তকে নিয়ে বসবাস করতেন৷ মাঝে-মধ্যে বজেন্দ্রনগরের তাঁতিপাড়ার বাড়িতে এসে প্রাণকান্ত দেখাশোনা করে যেতেন৷


বোন অর্চনা আরও জানান, বড় ভাই সৌদি আরবে কর্মরত৷ বেশ কয়েক বছর আগে দুই বোনের বিয়ে হয়েছে৷ ছোট ভাই প্রাণকান্ত দাসও সৌদি আরবে থাকত৷ কিন্তু বছর দুয়েক আগে সে সৌদি আরব থেকে বাড়িতে এসে আর যায়নি৷ প্রাণকান্ত অসুস্থ বাবা ও বজেন্দ্রনগরের বাড়ি দেখাশোনা করত৷ মাঝেমধ্যে কাঠমিস্ত্রির কাজ করে নিজের পরিবার প্রতিপালন করত সে৷


গত ৮ নভেম্বর শুক্রবার প্রাণকান্ত পশ্চিম পানিসাগরের বোনের বাড়ি থেকে বজেন্দ্রনগরে নিজেদের বাড়িতে আসার জন্য রওয়ানা হলেও আর ফিরে যায়নি৷ বোন ও আত্মীয় পরিজনদের ধারণা ছিল, হয়ত-বা সে বজেন্দ্রনগরের বাড়িতে রয়ে গিয়েছে৷ বজেন্দ্রনগর এলাকাটি ভারত-বাংলা সীমান্তে হওয়ায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা থাকায় ফোনেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না৷


অর্চনা বলেন, গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তারা প্রাণকান্তের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন৷ কিন্তু নেটওয়ার্কের গোলযোগে যা সম্ভবপর হয়ে ওঠেনি৷ প্রাণকান্তের বোন কাঁদতে কাঁদতে আরও জানান, তাদের বজেন্দ্রনগরের বাড়ির পাশে জনৈক শচীন্দ্র তাঁতির ছেলে নিবোধ তাঁতির জমি সংক্রান্ত বিবাদ চলছিল বহুদিন ধরে৷ তাই তিনি ভাইয়ের মৃত্যুর জন্য পাশের বাড়ির নিবোধ তাঁতিদের প্রতি সন্দেহ ব্যক্ত করেছেন৷ এই সন্দেহের বশে প্রাণকান্তের বোন অর্চনা দাস কদমতলা থানায় নিবোধ তাঁতির বিরুদ্ধে এক এজাহারও দায়ের করেছেন৷


অন্যদিকে, ধর্মনগরের এসডিপিও রাজীব সূত্রধর জানান, অর্চনা দাসের অভিযোগের ভিত্তিতে তাঁরা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ৬১/১৯ নম্বরে মামলা রুজু করা হয়েছে৷ তাছাড়া ময়না তদন্তের পর আজ অর্চনাদেবীদের হাতে প্রাণকান্তের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে বলে জানান এসডিপিও৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top