News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর সম্পত্তির মালিক ব্রু নেতারা, শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে দিতে তৎপরতা
Image

প্রচুর সম্পত্তির মালিক ব্রু নেতারা, শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে দিতে তৎপরতা

আগরতলা, ৫ নভেম্বর (হি. স.) ৷৷ রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে দিতে ফের তৎপরতার অভিযোগ উঠেছে ব্রু নেতাদের বিরুদ্ধে৷ এই অবস্থায় বিলাসবহুল জীবনযাপন ব্রু নেতাদের দুর্নীতি এবং কেলেঙ্কারির সাথে জড়িয়ে থাকাকেই ইঙ্গিত করছে বলে মনে করা ভুল হবে না৷ কারণ, একদিকে রিয়াং শরণার্থীদের রেশন এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় না খেতে পেয়ে মৃত্যুমিছিল শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবুও তাঁরা মিজোরামে প্রত্যাবর্তনে আপত্তিতে অনঢ় রয়েছেন৷ অথচ, ব্রু নেতাদের কূটচাল তাঁরা বুঝতে পারছেন না৷ এমবিডিপিএফ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সম্পত্তির হিসেব থেকেই স্পষ্ট তাঁরা কায়েমী স্বার্থ সিদ্ধির জন্য রিয়াং শরণার্থীদের মগজ ধোলাই করে চলেছেন৷ ব্রু নেতাদের জন্যই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ফের ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷


সম্প্রতি, ব্রু নেতাদের সম্পত্তির হিসেব ত্রিপুরা পুলিশের হাতে এসেছে৷ ওই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে তার সত্যতা প্রমাণিত হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা পুলিশের আধিকারিকের কথায়, ব্রু নেতারা প্রত্যেকেই বিত্ত বৈভবে সমৃদ্ধ৷ কিন্তু, তাদের ওই সম্পত্তি কিভাবে হয়েছে কোন হিসেব পাওয়া যায়নি৷ তিনি জানান, এমবিডিপিএফ সংগঠনের সভাপতি এ সায়্যিবুঙ্গার ছেলেমেয়েরা নামি বেসরকারি সুকলে পড়াশুনা করছে৷ তাছাড়া, তাঁর কাছে দামী বাইক এবং তার ধর্মনগর-গুয়াহাটি রুটে বিলাসবহুল রাত্রিকালীন বাস পরিষেবার ব্যবসা রয়েছে৷


ওই আধিকারিক আরও জানান, এমবিডিপিএফ সংগঠনের সহ সভাপতি আর লালডুঙলিয়ানার সন্তানরাও ভুবনেশ্বর এবং শিলঙে বেসরকারি নামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে৷ তাঁর একটি কমান্ডার জীপ, একটি দামি গাড়ি ও একটি দামি বাইক রয়েছে৷ শুধু তাই নয়, তাঁর স্ত্রী কাঞ্চনছড়া এলাকায় ৯ লক্ষ টাকা খরচ করে ২ কানি জমি কিনেছেন এবং এসবিআই-তে প্রচুর টাকা জমা রেখেছেন৷
ব্রু নেতাদের সম্পত্তির হিসাব এখানেই শেষ নয়৷ ওই আধিকারিক জানিয়েছেন, এমবিডিপিএফ সংগঠনের সাধারণ সম্পাদকেরও আর্থিক অবস্থা অত্যন্ত ভাল৷ তিনি জানান, এমবিডিপিএফ সংগঠনের সাধারণ সম্পাদক ব্রুনো মিশর সন্তানরা পানিসাগর এবং শিলঙে নামি বেসরকারি সুকলে পড়াশুনা করছে৷ তাছাড়া, তাঁর একটি দামি মোটর বাইক এবং একটি মারুতি ভ্যান রয়েছে৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ২০১৮ সালে এসবিআই কুমারঘাট শাখায় তিনি ১৫ লক্ষ টাকা জমা দিয়েছেন৷ ওই টাকা তিনি কিভাবে উপার্জন করেছেন তার কোন হিসেবে এখনো পাওয়া যায়নি৷ কিন্তু, ব্রু নেতার ব্যাঙ্ক একাউন্টে নগদ ১৫ লক্ষ টাকা জমা পড়া খুবই রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷


ওই আধিকারিক আরও জানিয়েছেন, ব্রু ট্রাইবাল ডেভেলপমেন্ট সোসাইটির বিপিন রিয়াংও আর্থিক দিক দিয়ে সচ্ছল৷ কিন্তু, ওই সচ্ছলতা কিভাবে এসেছে তার জীবনে সেই হিসেব এখনো রহস্যজনক রয়ে গেছে৷ ওই পুলিশ আধিকারিকের কথায়, বিপিন রিয়াং-এর একটি মাহিন্দ্রা বুলেরো গাড়ি এবং এসবিআই ব্যাংকে তাঁর জমানো প্রচুর টাকা রয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্রু শরণার্থীদের প্রতারণায় এবং টাকা উপার্জনে তিনি রাজনৈতিক নেতাদের নাম বেআইনিভাবে ব্যবহার করেন৷


পুলিশের ওই আধিকারিকের প্রশ্ণ, ব্রু নেতারা এত সম্পত্তি এবং অর্থের মালিক কিভাবে হলেন৷ কারণ, শরণার্থী হিসেবেই তাঁদেরও পরিচিতি রয়েছে৷ শিবিরে হাজার হাজার ব্রু শরণার্থী খাদ্যের অভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে বলে তাদের দাবি৷ অবাক করার বিষয় হল, ওই হাজার হাজার শরণার্থীরা বিত্ত-বৈভবে ফুলে-ফেঁপে উঠতে পারেননি৷


১৯৯৭ সালে জাতি দাঙ্গার পরিনাম স্বরূপ মিজোরাম থেকে প্রাণ বাঁচিয়ে ত্রিপুরা ৭টি শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিরিশ সহস্রাধিক ব্রু শরণার্থী৷ কালের বিবর্তনে বহু অধ্যায়ের রচনা হয়েছে ঠিকই৷ কিন্তু, শরণার্থীদের ভাগ্য সেই তিমিরেই রয়ে গেছে৷ এখন কেন্দ্রীয় সরকার তাঁদের জন্য সমস্ত সুযোগ সুবিধার বন্দোবস্ত করে মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেছে৷ কিন্তু, আবারো সেই প্রক্রিয়া ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে৷
সম্প্রতি, রেশন সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা পুনরায় চালু করার দাবিতে দশদা-আনন্দবাজার রাস্তা এমবিডিপিএফ সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে অবরোধ চলছে৷ ব্রু নেতাদের কূটচালে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ২৫ হাজার টাকা সাহায্যের প্রতিশ্রুতিতেও শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top