News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে ওপার বাংলায় ফিরে গেলেন নিখোঁজ থাকা বীথি আখতার
Image

সুস্থ হয়ে ওপার বাংলায় ফিরে গেলেন নিখোঁজ থাকা বীথি আখতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ সুস্থ হয়ে ওপার বাংলায় নিজের দেশে ফিরে গেলেন বীথি আখতার৷ বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা বীথি নিজের অজান্তেই ত্রিপুরায় চলে এসেছিলেন৷ মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই চিনতেই পারছিলেন না কোথায় এসেছেন৷ ২০১০ সালে নিখোঁজ হওয়ার পর আজ তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন৷ তাঁর মা সাফিয়া আখাউড়া সীমান্তে এসে তাঁকে নিয়ে গেছেন৷ দীর্ঘ নয় বছর বাদে হারানো মেয়েকে ফিরে পেয়ে ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং তাঁর মেয়েকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়েছেন সাফিয়া৷ শুধু তাই নয়, মেয়েকে খোঁজে পেতে সাহায্যের জন্য নড়াইল জেলা সভাপতি সৈয়দ খাইরুল আলমকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, ত্রিপুরা সরকারের জন্যই বাংলাদেশে হারিয়ে যাওয়া মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন৷ এমন আরো ১৮ জন রয়েছেন৷ সুস্থ হয়ে উঠলে তাদেরও দেশে পাঠানোর বন্দোবস্ত করা হবে৷


২০১০ সালে বাংলাদেশে নিখোঁজ হয়েছিলেন বীথি আখতার৷ ভারতে তাকে ধলাই জেলার সালেমা পুলিশ উদ্ধার করে৷ কিন্তু, মানসিক ভারসাম্যহীন হাওয়ায় পুলিশকে বাড়ির ঠিকানা জানাতে পারেননি বীথি আখতার৷ ফলে, তাকে ২০১২ সালের ১৭ মার্চ সালেমা থানার পুলিশ আগরতলায় নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ওই হাসপাতালে চিকিৎসায় বীথি সুস্থ হয়ে উঠেন৷ আজ তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷


এ-বিষয়ে বাংলাদেশের নড়াইল জেলা সভাপতি সৈয়দ খাইরুল আলম বলেন, ৩ মাস আগে জানতে পেরেছি বাংলাদেশে হারিয়ে যাওয়া বীথি আখতার আগরতলায় একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ সে-মোতাবেক বাংলাদেশ সরকার, ভারত সরকারের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের সীমান্ত বাহিনী ও হাই কমিশনের সাথে যোগাযোগ শুরু করি৷ তাতেই সাফল্য মিলেছে৷ আজ হারিয়ে যাওয়া মেয়েকে মায়ের কোলে তোলে দিতে পেরেছি, আবেগতাড়িত হয়ে বলেন তিনি৷


বীথি আখতারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে স্টেট প্রোগ্রাম অফিসার অফ মেন্টাল হেলথ ডাঃ জ্যোতির্ময় ঘোষ বলেন, ২০১২ সাল থেকে নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে তার চিকিৎসা হয়েছে৷ চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন৷ তাই, আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন৷ তিনি জানান, এখন পর্যন্ত ত্রিপুরা থেকে বীথি আখতার সহ ৬ জনকে সুস্থ করে বাংলাদেশে পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, এখন ১৮ জন ছেলেমেয়ে রয়েছেন যারা মানসিকভাবে অসুস্থ৷ তারাও বাংলাদেশ থেকে ভুল করে এপারে এসে পড়েছেন৷ ডাঃ ঘোষ দাবি করেন, তাদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে উঠেছেন এবং তারা বাংলাদেশে নিজ বাড়িতে ফিরে যেতে প্রস্তুত আছেন৷ এদিন তিনি জানান, বীথি আখতারকে ফেরত পাঠানোর জন্য আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের সাথে যোগাযোগ করা হয়েছিল৷ ভারত সরকারের সাথে মিলে বীথিকে বাংলাদেশে প্রত্যাবর্তনে তিনি যাবতীয় উদ্যোগ নিয়েছেন৷


এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, ত্রিপুরা সরকারের জন্যই আজ দীর্ঘ নয় বছর বাদে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যাচ্ছে বীথি৷ ২০১০ সালে তার নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে বাংলাদেশ সরকারের কাছে৷ ত্রিপুরায় চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠেছেন তিনি৷ কিরীটি চাকমার কথায়, ত্রিপুরায় এমন আরো ১৮ জন রয়েছেন, তাদেরও পর্যায়ক্রমে বাংলাদেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হবে৷ তিনি আজ ত্রিপুরা সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন৷ এভাবেই ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি দাবি করেছেন৷


এদিন আখাউড়া সীমান্তে মেয়েকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন সাফিয়া৷ মেয়েকে সামনে পেয়েও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না৷ বিথীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেন৷ মেয়েকে ফিরে পেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি৷ ত্রিপুরা সরকার ও ভারত সরকারের প্রতি আজ কৃতজ্ঞতা স্বীকার করেছেন সাফিয়া৷ পাশাপাশি, সৈয়দ খাইরুল আলমকেও ধন্যবাদ জানিয়েছেন৷ এদিকে, বীথি আখতারও আজ দেশে ফিরে যেতে পারছেন বলে ভীষণ খুশি হয়েছেন৷ তিনি বলেন, ওপার থেকে এদেশে কিভাবে এসেছি বুঝতে পারিনি৷ তবে, এখন ঘরে ফিরে যাচ্ছি, তাই ভীষণ খুশি হয়েছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top