News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা শুল্ক বৃদ্ধি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আমরা বাঙালি-র
Image

সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা শুল্ক বৃদ্ধি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আমরা বাঙালি-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরায় সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছে আমরা বাঙালি৷ ওই সিদ্ধান্ত গরিব মানুষের স্বার্থের পরিপন্থী ৷ সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এভাবেই সুর চড়ালেন সংগঠনের সচিব হরিগোপাল দেবনাথ ৷ ত্রিপুরা সরকারের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি৷ নইলে, বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে দল, এই হুমকিও দিয়েছেন দেবনাথ ৷


ত্রিপুরায় সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নতুন করে শুল্ক লাগিয়েছে ত্রিপুরা সরকার ৷ শুধু তা-ই নয়, বেশ কিছু পরিষেবায় শুল্ক বাড়ানো হয়েছে৷ ফলে, ওই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা রাজ্যেই তোলপাড় অবস্থা ৷ ত্রিপুরা সরকারের যুক্তি, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার জন্যই ত্রিপুরায় শুল্ক সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে যে রাজস্ব সংগ্রহ হবে, সেই টাকায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন করা হবে ৷


কিন্তু, ত্রিপুরা সরকারের ওই যুক্তি বিরোধী রাজনৈতিক দলগুলি মানতে চাইছে না৷ এ-বিষয়ে আমরা বাঙালি দলের সচিব হরিগোপাল দেবনাথ বলেন, স্বাস্থ্য, শিক্ষা মানুষের মৌলিক অধিকার৷ কিন্তু, দিল্লি নির্ভরতা কমানোর লক্ষ্যে এবং অর্থনৈতিক স্বয়ম্ভর হতে গিয়ে ত্রিপুরা সরকার গরিব মানুষের ওপর ক্রমাগত বোঝা চাপিয়ে দিচ্ছে৷ তাঁর কথায়, স্বাস্থ্য পরিষেবায় নতুন শুল্ক নির্ধারণ এবং বেশ কিছু ক্ষেত্রে শুল্ক বৃদ্ধির ফলে গরিব মানুষের সমস্যা বাড়াবে৷ তাঁরা বিনা চিকিৎসায় মারা যাবেন৷ তাঁর বক্তব্য, যাঁদের ওষুধ কেনার ক্ষমতা থাকে না, তাঁরা হাসপাতালে রেজিস্ট্রেশন ফি কীভাবে দেবে?


তিনি বলেন, ত্রিপুরায় সর্বত্র পানীয় জলের ব্যবস্থা করতে পারছে না রাজ্য সরকার ৷ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানী শহর আগরতলায় বেশ কিছু স্থানে পানীয় জলের সমস্যা রয়েছে ৷ ওই সমস্ত সমস্যা সমাধানের বদলে রাজ্যের হাসপাতালে সরকারি খরচে চিকিৎসা ব্যয় বাড়িয়ে দিয়েছে, কটাক্ষের সুরে বলেন তিনি ৷ তাঁর কথায়, এ-কথা অস্বীকার করার কোনও উপায় নেই, নানা দিক দিয়ে ত্রিপুরা পিছিয়ে রয়েছে ৷ তাই, ত্রিপুরা সরকার কৃষি, শিল্প এবং বাণিজ্যে রাজ্যকে সমৃদ্ধ করে তুলুক ৷

হাসপাতালে ফি বাড়িয়ে রাজস্ব আদায়ে ত্রিপুরার প্রগতি সম্ভব নয়, বলেন তিনি ৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুক ৷ নইলে, ত্রিপুরায় ওই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা বাঙালি ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top