News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসাথে হলে রাষ্ট্রের উন্নতি হবে : মুখ্যমন্ত্রী
Image

লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসাথে হলে রাষ্ট্রের উন্নতি হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ দেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সর্বত্র একই সঙ্গে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন করার পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এক দেশ এক নির্বাচন সম্ভব হলে রাষ্ট্রের উন্নতি হবে৷ জনকল্যাণে কাজ করার জন্য আরও বেশি সময় পাওয়া যাবে৷ আজ ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বিধায়ক বিনয়ভূষণ দাস আনীত এক বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন৷
এদিন আলোচনার পর প্রস্তাবটি গৃহীত হয়েছে৷ তবে, বিরোধীরা এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন৷ বিরোধী দলনেতা মানিক সরকারের মতে, এক দেশ এক নির্বাচন হলে প্রেসিডেনশিয়াল ফরম অব গভর্নমেন্ট অথবা রাষ্ট্রপতিশাসনের ধাঁচে সরকার গঠন হবে৷ তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী বলে দাবি করেন তিনি৷


বিধায়ক বিনয়ভূষণ দাস-এর আনা মূল প্রস্তাবটি ছিল ‘বাস্তবতা তথা প্রয়োজনীয়তার নিরিখে ভারতবর্ষের সর্বত্র একই সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছে৷’
বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, একসঙ্গে বিধানসভা ও লোকসভার ভোট করা গেলে নির্বাচনী ব্যয় কম হবে৷ উন্নয়নমূলক কাজ করার জন্য আরও বেশি সময় পাওয়া যাবে৷ প্রস্তাব সমর্থন করে আলোচনা করেন ট্রেজারি বেঞ্চের বিধায়ক সুশান্ত চৌধুরী, বিধায়ক সুধাংশু দাস৷ তাঁরাও একইভাবে নির্বাচনী ব্যয়, উন্নয়ন ইস্যুতে বক্তব্য পেশ করেন৷ এই প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, এক দেশ এক নির্বাচন প্রথা চালু হলে নানা সমস্যার সম্মুখীন হবে গণতন্ত্র৷ কারণ ওই পদ্ধতিতে অনেক জটিলতা রয়েছে৷ ফলে, ওই সব জটিলতার কারণে পদ্ধতির বাস্তবায়নে মূল সমস্যা দেখা দেবে৷


তাঁর কথায়, এক দেশ এক নির্বাচন চালু হলে প্রেসিডেনশিয়াল ফরম অব গভর্নমেন্ট অথবা রাষ্ট্রপতি শাসনের ধাঁচে সরকার গঠন হবে৷ তা সংবিধান বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী৷ তাঁর দাবি, ওই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আঘাত করা হবে৷ শুধু তা-ই নয়, গণতান্ত্রিক অধিকারও হরণ করা হবে৷ তাই, এই প্রস্তাবের তিনি সমর্থন করতে পারছেন না বলে জানিয়েছেন৷
আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-বিষয়ে প্রধানমন্ত্রী আহূত সর্বদলীয় বৈঠকের উল্লেখ করে বলেন, একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করার জন্য আলোচনায় ৪০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তাতে ২১টি দলের নেতৃত্ব অংশ নেন৷ এই আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই উদ্যোগ রাষ্ট্রের কল্যাণে৷ তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কাজ করছে তার মূল লক্ষ্য হল ভারতকে আর্থিকভাবে শক্তিশালী করা৷


ত্রিপুরায় নির্বাচনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ইতিমধ্যেই বিধানসভা, লোকসভা, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে৷ আগামী বছর জেলা পরিষদ নির্বাচন হবে৷ এর পর স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন হবে৷ তাঁর কথায়, একটি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে হয়৷ তাতে অনেক সময় লাগে৷ ফলে, নির্বাচনী আচরণবিধির জন্য অনেক কাজ করা যায় না৷ তিনি বলেন, এছাড়া আমাদের রাজ্যে বৃষ্টিপাতের ফলে উন্নয়নমূলক কাজের জন্য বছরে চার-পাঁচ মাসের বেশি সময় পাওয়া যায় না৷ তিনি বলেন, কাজের জন্য আরও বেশি সময় বের করতে হবে৷

তেমনি রাজ্যের ও দেশের যেন আর্থিক ক্ষতি না হয় তা-ও দেখতে হবে৷ তথ্য দিয়ে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের জন্য ত্রিপুরার প্রায় ৭০ কোটি এবং লোকসভা নির্বাচনের জন্য প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হয়৷ আর যদি দুটো নির্বাচন একসঙ্গে করা যায় তাতে ষাট-পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ছয় মাসের মধ্যে রাজ্যের সব নির্বাচন শেষ করা গেলে কাজ করার জন্য অনেক বেশি সময় পাওয়া যাবে৷ ব্যয়ও অনেক কম হবে৷ এই কাজটি করা গেলে দেশের আর্থিক ব্যয় কমবে, কাজ করার সময় বেশি পাওয়া যাবে এবং দেশের উন্নতি হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top