News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়ি বছর ধরে নিয়োগ নেই, চাকরির দাবীতে ধরনা হোমিও ডিগ্রিধারীদের
Image

কুড়ি বছর ধরে নিয়োগ নেই, চাকরির দাবীতে ধরনা হোমিও ডিগ্রিধারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ চাকরির দাবিতে ধরনা কর্মসূচি পালন করলেন হোমিওপ্যাথি চিকিৎসকরা৷ টানা ২০ বছর চিকিৎসক নিয়োগ হচ্ছে না, এমন-কি শূন্যপদ পূরণ করছে না ত্রিপুরা সরকার৷ তাই, অনির্দিষ্টকালের ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন হোমিও চিকিৎসকরা৷ কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আজ বিকেল পর্যন্ত ধরনা প্রদর্শন করেন তাঁরা, জানালেন অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা. দীপঙ্কর পাল৷ তাঁর অভিযোগ, ভুয়ো চিকিৎসকে ছেয়ে গিয়েছে গোটা ত্রিপুরা৷ অথচ, রাজ্য সরকার সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কোনও উদ্যোগই নিচ্ছে না৷ তাই আজ ধরনা তুলে নেওয়া হলেও, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়েছেন তিনি৷


হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা ত্রিপুরায় মারাত্মকভাবে ভেঙে পড়েছে৷ কারণ, সরকারি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রগুলিতে প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক কম চিকিৎসক রয়েছেন৷ এই দাবি তুলে সংগঠনের সম্পাদক ডা. দীপঙ্কর পাল বলেন, ২০০০ সাল থেকে ত্রিপুরায় কোনও হোমিও চিকিৎসক নিয়োগ করা হচ্ছে না৷ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কিছু সংখ্যক চিকিৎসক নিয়োগ করা হলেও, গত কয়েক বছর ধরে কোনও নিয়োগ হচ্ছে না৷ তাঁর বক্তব্য, আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ করা হলেও, কোনও হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ করা হয়নি৷


তাঁর দাবি, ত্রিপুরায় হোমিও চিকিৎসকের ৫৮টি শূন্যপদ রয়েছে৷ কিন্তু, দীর্ঘদিন ধরে ওই শূন্যপদ পূরণ করা হচ্ছে না৷ উপরন্তু, গত কয়েকবছরে বেশ কয়েকজন হোমিও চিকিৎসক অবসরে যাওয়ায় শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় ৩৬০ জন বেকার ডিগ্রিধারী হোমিও চিকিৎসক রয়েছেন৷ তাঁদের মধ্যে শুধু আগরতলায় রয়েছেন ১৫০ জন হোমিও চিকিৎসক৷ তাঁদের কর্মসংস্থানের কোনও উপায় বের হচ্ছে না৷ তার বদলে প্রতি বছরই সরকারি কিংবা বেসরকারি কলেজ থেকে হোমিওপ্যাথি ডিগ্রিধারী চিকিৎসক পাশ করে বের হচ্ছেন৷


ডা. পাল বলেন, এই সমস্যাগুলি নিয়ে ইতিপূর্বে একাধিকবার ত্রিপুরা সরকারের সাথে আলোচনা হয়েছে৷ শূন্যপদ পূরণে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ কিন্তু, এখন পর্যন্ত একজন চিকিৎসকেরও নিয়োগ করেনি ত্রিপুরা সরকার৷ তাঁর অভিযোগ, সারা ত্রিপুরায় ভুয়ো হোমিওপ্যাথি চিকিৎসকে ছেয়ে গিয়েছে৷ ফলে, মানুষ ভুল চিকিৎসা পাচ্ছেন৷ তাঁর মতে, সাড়ে পাঁচ বছর সময় নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় ডিগ্রি অর্জন করে সেই চিকিৎসার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে, ত্রিপুরার মানুষ প্রকৃত হোমিও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন৷ তার বদলে ভুয়ো চিকিৎসায় প্রতারিত হচ্ছেন৷ তাই আমরা ধরনায় বসতে বাধ্য হয়েছি, আক্ষেপ করে বলেন তিনি৷


তাঁর সাফ কথা, আজ ধরনা তুলে নেওয়া হচ্ছে ঠিকই৷ কিন্তু কাল থেকে ডেপুটেশন, বিক্ষোভ প্রদর্শন লাগাতার চলবে৷ তার হুঁশিয়ারি, দাবি মেনে না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top