নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): চলছে কারফিউ, বন্ধ দোকান-বাজার| এমনকি ল্যান্ডলাইন পরিষেবাও কার্যত বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের সঙ্গে বাকি দেশের যোগাযোগ প্রায় নেই| বন্ধ রয়েছে সমস্ত সংবাদ চ্যানেল, অবৈধভাবে হেফাজতে রাখা হয়েছে রাজনৈতিক নেতাদের| এমনই একগুচ্ছ ইস্যুতে কারফিউ, ইন্টারনেট-সহ সমস্ত ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেহসীন পুনাওয়াল্লা নামে একজন আবেদনকারী| সুপ্রিম কোর্টে জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি| কিন্তু, ওই আবেদনকারীর জরুরী ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| জরুরী ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান-র নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত করা হবে|

প্রায় এক সপ্তাহ হল কারফিউ চলছে কাশ্মীর উপত্যকায়| বন্ধ রয়েছে দোকান-বাজার, এটিএমও বন্ধ| বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন কাশ্মীরিরা| সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় বড় মাপের না হলেও, ছোট ছোট বিক্ষোভ-ধর্না চলছে| এই আবহেই কাশ্মীর উপত্যকা থেকে কারফিউ ও ইন্টারনেট পরিষেবা-সহ সমস্ত ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তেহসীন পুনাওয়াল্লা নামে একজন আবেদনকারী| সুপ্রিম কোর্টে কবে থেকে শুরু হবে তাঁর আবেদনের শুনানি, আপাতত সেই আপেক্ষায় রয়েছে তেহসীন|


















