News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমোদনহীন ই-রিকশা বন্ধে কঠোর প্রশাসন, নির্দেশ প্রত্যাহার না হলে ধর্মঘটের হুমকি চালকদের
Image

অনুমোদনহীন ই-রিকশা বন্ধে কঠোর প্রশাসন, নির্দেশ প্রত্যাহার না হলে ধর্মঘটের হুমকি চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ অনুমোদনহীন ই-রিকশা বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশে আজ ক্ষোভে ফেটে পড়েন চালকরা৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগামী ১ আগস্ট থেকে অনুমোদনহীন ই-রিকশা পথে নামতে পারবে না৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার৷ এরই প্রতিবাদে ই-রিকশা চালক ও মালিকরা বিকল্প ব্যবস্থা না করে ওই আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ সাথে তাঁরা আদেশ প্রত্যাহার না হলে ত্রিপুরায় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন৷


প্রসঙ্গত, অনুমোদনহীন ই-রিকশা ত্রিপুরায় প্রচুর বিক্রি হয়েছে৷ যাত্রী সুরক্ষায় ওই ই-রিকশাগুলির বৈধতার প্রশ্ণে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল৷ ওই মামলায় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছিল৷ সাথে ত্রিপুরা সরকারকে এ-বিষয়ে আইন প্রণয়নে নির্দেশ দিয়েছিল আদালত৷


রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মোতাবেক অনুমোদনহীন ই-রিকশা বন্ধে ৩১ ডিসেম্বর ২০১৮ চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়৷ কিন্তু, কোনও অজ্ঞাত কারণে সেই নির্দেশ পালন হয়নি৷ এখন ত্রিপুরা সরকার আবারও নড়েচড়ে বসেছে৷ নয়া নির্দেশ জারি করে ৩১ জুলাইয়ের মধ্যে অনুমোদনহীন সমস্ত ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন৷


জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন, বৈধ কাগজপত্র নেই এমন ই-রিকশা আগামী ১ আগস্ট থেকে যাত্রী পরিবহণ করতে পারবে না৷ এক্ষেত্রে আদেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি জানান, প্রত্যেক ই-রিকশার অনুমোদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ফর্ম টুয়েন্টি, সেইল সার্টিফিকেট ফর্ম টুয়েন্টি ওয়ান, সার্টিফিকেট অব রোড ফিটনেস ফর্ম টুয়েন্টি টু, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স সার্টিফিকেট, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে৷


এই নির্দেশ প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়েন ই-রিকশা চালক-মালিকরা৷ আজ তাঁরা আগরতলায় পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় জড়ো হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের বক্তব্য, ঋণ নিয়ে আমরা অনেকেই ই-রিকশা কিনেছি৷ তখন অনুমোদন ছিল কিনা তা যাচাই করার সুযোগ ছিল না৷ তাঁদের দাবি, ই-রিকশা বিক্রেতাদের প্রতারণার শিকার হয়েছি আমরা৷ তার মাশুল আমাদেরই যদি দিতে হয়, তা-হলে তা বরদাস্ত করা হবে না৷ তাঁদের সাফ কথা, ত্রিপুরা সরকার বিকল্প ব্যবস্থা না করে ওই আদেশ পালনে চাপ দিলে তা মেনে নেওয়া যাবে না৷ কারণ, রাজ্যের ৯০ শতাংশ ই-রিকশার বৈধ কাগজপত্র নেই৷ ওই নির্দেশ পালন করতে গেলে ই-রিকশা চালকরা সর্বস্বান্ত হয়ে যাবেন৷ তাঁদের কড়া হুঁশিয়ারি, ত্রিপুরা সরকার আপাতত আদেশ প্রত্যাহার না করলে রাজ্যে ধর্মঘট পালন করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top